ফেরি বিকল হয়ে চার শতাধিক যান আটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-লক্ষ্মীপুর নৌপথে দুটি ফেরির একটি চার দিন ধরে বিকল হয়ে রয়েছে। ফলে উভয় ঘাটে আটকা পড়েছে চার শতাধিক যানবাহন।
ভোলার ইলিশা ফেরিঘাটে তিন দিন ধরে আটকা পড়া ট্রাকচালক বেলাল হোসেন, জামাল উদ্দিন, হারুন মিয়া, আলাউদ্দিন হাওলাদারসহ আরও কয়েকজন জানান, ১৭ নভেম্বর থেকে কিষাণী নামের ফেরিটি বিকল হয়ে যায়। ফেরিটি লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট ফেরিঘাটে রয়েছে। কনকচাঁপা নামের অপর ফেরিটি দিয়ে যান পারাপার করা হচ্ছে। মেঘনা নদীতে ডুবোচর থাকায় ধীরগতিতে একটিমাত্র ফেরি দিনে-রাতে সর্বোচ্চ তিন থেকে পাঁচবার আসা-যাওয়া করতে পারছে। আর ফেরিটি মাত্র আটটি ট্রাক বহন করতে পারে। এ কারণে ভোলার ইলিশা ও লক্ষ্মীপুরে মজু চৌধুরীর হাট ফেরিঘাটে চার শতাধিক যানবাহন আটকে পড়েছে।
চালকেরা জানান, শীত মৌসুমে সবজি, তরমুজ এবং ধান, বর্ষায় মাছ এবং সারা বছর গরু ও গাছসহ বিভিন্ন পণ্য ভোলা থেকে দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে। এই নৌপথে কমপক্ষে চারটি ফেরি দরকার। কিন্তু সেখানে চলাচল করছে মাত্র দুটি।
ভোলার ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আল আলম হাওলাদার বলেন, এই নৌপথে ডুবোচর রয়েছে। তাই নৌপথটি খনন করা প্রয়োজন। এসব ডুবোচরে আটকা পড়ার কারণে ঘন ঘন ফেরি বিকল হচ্ছে। ১৭ নভেম্বর কিষাণী ফেরির ‘ইনজেক্টর’ নামের একটি যন্ত্র নষ্ট হয়ে যায়। সেটি দ্রুত মেরামত করার চেষ্টা চলছে। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিকল্প ফেরির চাহিদা পাঠানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, সংকট থাকায় বাড়তি ফেরি দেওয়া যাচ্ছে না। এ ছাড়া বিকল ফেরিটি দ্রুত সংস্কার করার চেষ্টা চলছে।