ফেরি ভাড়া ১০ শতাংশ বাড়াল সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব নৌপথে ফেরি ভাড়া ১০ শতাংশ বাড়ানো হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে নতুন ভাড়া কার্যকর করা হয়েছে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে লোকসান কমাতে ফেরি ভাড়া বাড়ানো হয়েছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মাদারীপুরের কাওরাকান্দি ঘাট সূত্রে জানা গেছে, গতকাল সকাল ছয়টা থেকে মাওয়া-কাওরাকান্দি নৌরুটসহ সব নৌপথে ফেরি ভাড়া বাড়ানো হয়েছে। যাত্রীপ্রতি ভাড়া বৃদ্ধি পেয়েছে দুই টাকা। বড় ট্রাকের ভাড়া এক হাজার ৬৮০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৮৫০ টাকা, সাধারণ ট্রাকের ভাড়া এক হাজার ২৬০ টাকা থেকে এক হাজার ৩৯০ টাকা, ছোট ট্রাকের ভাড়া ৭২০ টাকা থেকে বেড়ে ৮১০ টাকা, যাত্রীবাহী বাসের ভাড়া এক হাজার ৪৩০ টাকা থেকে এক হাজার ৫৭৫ টাকা, ছোট বাস এক হাজার ২১০ টাকা থেকে এক হাজার ৩৩৫ টাকা, মাইক্রোবাস ৫৮০ টাকা থেকে ৬৪০ টাকা ও প্রাইভেট কারের ভাড়া ৩১০ টাকা থেকে বাড়িয়ে ৩৪৫ টাকা করা হয়েছে।বিআইডব্লিউটিসির কাওরাকান্দি ঘাট ব্যবস্থাপক আবদুল বাতেন সাংবাদিকদের জানান, গতকাল সকাল থেকে ১০ শতাংশ হারে বাড়তি ভাড়া আদায় শুরু হয়েছে।তবে ফেরি ভাড়া বাড়ানো নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রী ও গাড়ির মালিকেরা। গতকাল দুপুরে মাদারীপুর সার্কিট হাউসে মাদারীপুরের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বৈঠক শেষে ফেরি ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চারবার তেলের মূল্যবৃদ্ধি পেয়েছে। কিন্তু ফেরি ভাড়া বাড়ানো হয়নি। ছয় মাস আগে কমিটি করে ২৫ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমে ১০ শতাংশ বাড়ানো হয়েছে। পরবর্তী সময়ে আবার বাড়ানো হবে। তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় লোকসান কমাতে ফেরি ভাড়া বাড়ানো হয়েছে।