ফেরি-সংকট ও হরতাল তরমুজচাষি লোকসানে
ফেরির সংকট ও হরতালের কারণে ভোলার তরমুজচাষিরা বিপাকে পড়েছেন। হরতালের কারণে সড়কে তরমুজবোঝাই ট্রাক চলাচল এবং ভোলা-লক্ষ্মীপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে তরমুজ নিয়ে ভোলা থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় যাওয়া যাচ্ছে না। এ কারণে এবার তরমুজচাষিরা লোকসানের আশঙ্কা করছেন।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শান্তি রঞ্জন মণ্ডল জানান, এ বছর প্রায় ৩০ হাজার একর জমিতে তরমুজের চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া, ভালো বীজ, সময়মতো বীজ বপন ও যত্নের কারণে তরমুজের ফলন ভালো হয়েছে। এবার চাষিদের তরমুজ বিক্রি করে ৩০০ কোটি টাকা আয় করার কথা। কিন্তু হরতাল ও ফেরির সংকট এবং নৌপথে জলদস্যুর কারণে তাঁদের লোকসান গুনতে হচ্ছে।তরমুজচাষি, পাইকারি ব্যবসায়ী ও গাড়িচালকেরা দাবি করেন, হরতাল ও ফেরির সংকটের কারণে ভোলার চাষিদের এবার কমপক্ষে ১৫০ কোটি টাকার ক্ষতি হতে পারে। লালমোহন উপজেলার চরকচুয়াচরে প্রায় দুই হাজার একর জমিতে তরমুজের চাষ হয়েছে। ওই চরের দুলাল হাওলাদার, আবদুল বারেক ও আলমগীর হোসেন; চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জের রফিকুল ইসলাম ও আবদুল হালিম এবং ভোলা সদরের ভেলুমিয়ার ইদ্রিস বেপারি ও ফজলুর রহমান জানান, এ বছর তরমুজের ফলন ভালো হয়েছে। কিন্তু বিক্রি করতে না পারায় তরমুজ পেকে খেতেই নষ্ট হচ্ছে। তাই অনেকে লোকসান দিয়ে তরমুজ বিক্রি করছেন।চরকচুয়ার তরমুজচাষি নিজাম পালওয়ান বলেন, ‘আট একরে খরচা অইছে সাড়ে তিন লাখ টিয়া। ভাবছিলাম, ১২ লাখ টিয়ার তরমুজ বেচুম। পরথম এক কাডার তরমুজ বেচছিলামও, কিন্তু হরতাল আর ফেরি শ্যাষ কইর্যা দিচ্ছে। পাঁচ-ছয় দিন ট্রাক আটকাইয়্যা থাইক্যা তরমুজ পইচ্যা গেছে। এহনো আমার দুই ট্রাক তরমুজ লক্ষ্মীপুর ও ভোলা ঘাডে আটকাইয়্যা রইছে। বাইদ্য অইয়্যা দেড় লাখ টিয়ার নতুন খেত (এক একর) ৮০ হাজার টিয়ায় বেইচ্যা দিছি।’তরমুজ কিনে বেপারিদেরও ক্ষতি হচ্ছে। ভোলা ফেরিঘাটে চার-পাঁচ দিন ধরে ট্রাক নিয়ে আটকে থাকা চরফ্যাশনের আঞ্জুরহাটের তরমুজ বেপারি সিদ্দিক পাটোয়ারী বলেন, ‘ভোলা-লক্ষ্মীপুর নৌপথে ফেরির সংকট থাকায় এবং হরতালের কারণে তরমুজের গাড়ি ঘাটে পাঁচ-ছয় দিন আটকে থাকে। গরমে তরমুজ পচে যাচ্ছে। কয়েক দিন আগে পাঁচ লাখ টাকার তরমুজ কিনে তিন লাখ টাকা লস (ক্ষতি) গুনেছি। এবার ছয় দিন ধরে ঘাটে আটকে আছি। হরতাল শেষ হলে যাত্রীবাহী বাস যেতে পারে। কিন্তু কাঁচামালবাহী গাড়ি আটকেই থাকে।’বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ইলিশা ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, এখন প্রতিদিন সব মিলিয়ে শতাধিক গাড়ি ঘাটে আসছে। কিন্তু এ নৌপথে ফেরি আছে মাত্র দুটি। ফেরি কিষাণীতে ১৫টি যান ও কামেনীতে ১০টি যান পার করা যায়। যেখানে ১০ থেকে ১২ বার ফেরি আসা-যাওয়ার কথা, সেখানে সর্বোচ্চ চারবার ফেরি চলাচল করছে। হরতালের কারণে দুই দিন ধরে সেটাও বন্ধ রয়েছে। এই নৌপথে কমপক্ষে চারটি ফেরি দরকার।