ফেরি-সংকটে ইলিশা ঘাটে আটকে আছে অর্ধশতাধিক যান
ভোলা-লক্ষ্মীপুর নৌপথের ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাটে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত যাত্রীবাহী বাস, ট্রাকসহ অর্ধশতাধিক যানবাহন আটকে ছিল। এ কারণে বিভিন্ন যানবাহনের যাত্রী ও ট্রাকচালকদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।জানা গেছে, ফেরি-সংকটের পাশাপাশি নদীর নাব্যতা হ্রাস, বিকনবাতি, বয়াবাতি এবং মার্কিং পয়েন্ট না থাকার কারণে এ পথে প্রতিদিন দুটি ফেরি মাত্র তিনবার যানবাহন পারাপার করছে। ফলে অধিকাংশ যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়ছে।চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের আবদুল মোনাফ বেপারী জানান, তিনি তরমুজ বোঝাই একটি ট্রাক নিয়ে ইলিশা ফেরিঘাটে চার দিন ধরে অপেক্ষা করছেন। কিন্তু ফেরি-সংকটের কারণে তিনি ট্রাক নিয়ে ওপারে যেতে পারছেন না। চার দিন ট্রাকে তরমুজ আটকা পড়ে পচন ধরেছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার বরিশাল বিভাগীয় সহকারী মহাব্যবস্থাপক গোপাল মজুমদার বলেন, ফেরি-সংকটসহ যাবতীয় সমস্যা বিআইডব্লিউটিসির চেয়ারম্যানকে লিখিতভাবে জানানো হয়েছে।