ফেরি-সংকটে পাটুরিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে ফেরিতে ওঠার অপেক্ষায় যানবাহন। গতকাল সকালে পাটুরিয়া ঘাটের অদূরে আরসিএল মোড় এলাকা​ থেকে তোলা ছবি l প্রথম আলো
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে ফেরিতে ওঠার অপেক্ষায় যানবাহন। গতকাল সকালে পাটুরিয়া ঘাটের অদূরে আরসিএল মোড় এলাকা​ থেকে তোলা ছবি l প্রথম আলো

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ও রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া নৌপথে ফেরি-সংকট চলছে। পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনগুলোকে দীর্ঘ সারিতে আটকে থাকতে হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যান পারাপারে সাতটি রো রো (বড়), তিনটি কে-টাইপ (মাঝারি) ও পাঁচটি ইউটিলিটি (ছোট) ফেরি চলাচল করে। যান্ত্রিক ত্রুটির কারণে মাঝারি ফেরি মাধবীলতা ছয় মাসেরও বেশি সময় ধরে পাটুরিয়ায় ভাসমান কারখানায় মেরামতের জন্য আছে। প্রায় দুই মাস আগে ইঞ্জিনের সমস্যার কারণে রো রো ফেরি শাহ মখদুমকে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হয়। একই সমস্যায় এক মাস আগে রো রো ফেরি বরকতকে ও তিন সপ্তাহ আগে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হয়। যান্ত্রিক ত্রুটির কারণে চার দিন ধরে রো রো ফেরি খানজাহান আলীও একই ডকইয়ার্ডে রয়েছে।
গতকাল বেলা ১১টার দিকে পাটুরিয়া ঘাটে টিকিট কাউন্টারের কাছে কথা হয় আটকে থাকা বাসের যাত্রী আবুল বাশারের সঙ্গে। তিনি বলেন, সকাল ১০টায় আরসিএল মোড়ে তাঁদের বাস পৌঁছায়। এক ঘণ্টায় বাসটি মাত্র আধা কিলোমিটার পথ এগিয়েছে। ফেরিতে উঠতে আরও আধা ঘণ্টার বেশি সময় লাগবে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, প্রতিদিন এ ঘাট দিয়ে গুরুত্বপূর্ণ (ভিআইপি) ব্যক্তিদের নদী পার করতে হয়। এতে অনেক সময় সাধারণ যানবাহন পারাপার বন্ধ রেখে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গাড়ি পার করা হয়। এ ছাড়া এখানকার ফেরিগুলো অত্যন্ত পুরোনো। মাঝেমধ্যেই বিকল হয়ে পড়ে। ১৯টির স্থলে ১৫টি ফেরি দিয়ে যান পারাপার করানো হচ্ছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, খানজাহান আলী ফেরি কাল (আজ মঙ্গলবার) যানবাহন পারাপারে যুক্ত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ ডকইয়ার্ড থেকে দুটি ফেরি তিন-চার দিনের মধ্যে এ নৌপথে যুক্ত হবে।