রাজবাড়ীর জৌকুরা-নাজিরগঞ্জ নৌপথে ফেরি-সংকটের কারণে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। তিনটির স্থলে এখন একটি ফেরি চলাচল করছে। এতে এ পথের দুই পাশের ঘাটে যানজট সৃষ্টি হচ্ছে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জৌকুরা ফেরিঘাট কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালের অক্টোবর মাসে রাজবাড়ীর সদর উপজেলার জৌকুরা থেকে পাবনার নাজিরগঞ্জ পর্যন্ত পদ্মা নদী দিয়ে যানবাহন পারাপার করতে প্রথমে তিনটি ছোট ফেরি দেওয়া হয়। ওই সময়ই জৌকুরা ফেরিঘাট স্থাপন করা হয়। কিন্তু ছোট ফেরি দিয়ে যানবাহন পারাপার ঝুঁকিপূর্ণ হওয়ায় পরে তিনটি বড় ফেরি দেওয়া হয়। এর মধ্যে একটি ফেরি এক বছর ধরে নষ্ট এবং অপর একটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। তাই মাত্র একটি ফেরি দিয়ে কোনোমতে যানবাহন পারাপারের কাজ চলছে। এ ছাড়া এই ঘাটে রয়েছে জনবল সংকট। এখানে ১৬ জন শ্রমিকের স্থলে কর্মরত আছেন মাত্র ছয়জন। পন্টুনের অবস্থাও ভালো নয়।সওজ সূত্রে আরও জানা গেছে, এ পথে পাবনা, বগুড়া, নাটোর, নওগাঁ, রংপুর, দিনাজপুর এবং রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, বরিশাল ও পিরোজপুর জেলার দেড় থেকে দুই শ যানবাহন প্রতিদিন পারাপার হয়। গত সোমবার রংপুরে যাওয়ার জন্য এ ঘাটে আসা ট্রাকচালক সহিদ উদ্দিন জানান, এই পথে দূরত্ব অনেক কম হয়। কিন্তু এখন ফেরি-সংকটের কারণে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। আরও দুই-তিনটি ফেরি দিলে সমস্যার সমাধান হবে। সওজ উপসহকারী প্রকৌশলী মির্জা নুরুল কবীর জানান, এখানে উন্নতমানের কমপক্ষে তিনটি ফেরি প্রয়োজন। তাঁরা প্রতি মাসেই এ পথে নতুন ফেরি দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠান।