ফেরিসংকটের কারণে ট্রাকচালকদের বিক্ষোভ
ফেরিসংকটের কারণে ভোলার ইলিশা ফেরিঘাটে তরমুজ ও সবজি নিয়ে আটকা পড়েছে দুই শতাধিক ট্রাক। এ কারণে পণ্য পচে যাওয়ার আশঙ্কায় ট্রাকচালকেরা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ভোলা অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন। আজ রোববার বেলা ১১টায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ফেরিঘাটের কাছেই বিআইডব্লিউটিসি ভোলা অফিস। অফিসের প্রধান (ফেরিঘাটের ব্যবস্থাপক) আবু আলম হাওলাদার বলেন, ‘ভোলার ইলিশা-লক্ষ্মীপুর মজু চৌধুরীরহাট নৌপথে চারটি ফেরি দরকার। ছিল তিনটি। গত বৃহস্পতিবার একটি সরিয়ে চাঁদপুর নেওয়া হয়েছে। বাকি দুটির একটি কিষানি গতকাল শনিবার সকালে বিকল হয়ে ডকইয়ার্ডে আছে। এখন কনকচাঁপা নামের একটি ফেরি মাত্র ১২টি গাড়ি পার করছে। ঘাট বিকল থাকার কারণে তাও ভাটার সময় ভোলা ঘাটে লোড-আনলোড করতে পারছে না । আমরা অনেক দিন ধরে নিরাপদে ঘাট সরিয়ে নেওয়ার দাবি করলেও বিআইডব্লিউটিএ নতুন ঘাট নির্মাণ করছে না। এসব কারণে ভোলার ইলিশা-লক্ষ্মীপুর মজু চৌধুরীরহাট দুই ঘাটে প্রায় ৩১০টি গাড়ি আটকে আছে। কাঁচামালের ট্রাকচালকেরা বিক্ষোভ করছেন।’ তিনি আক্ষেপ করে আরও বলেন, ‘ফেরি না থাকলে কীভাবে গাড়ি পার করব?’
গত বৃহস্পতিবার থেকে ইলিশা ঘাটে আটকে থাকা তরমুজবোঝাই ট্রাকচালকদের একজন জাহাঙ্গীর হোসেন বলেন, একেকটি ট্রাকে লাখ টাকার তরমুজ রয়েছে। এমন ১৫০টি ট্রাক আটকা পড়ে আছে। এসব তরমুজের মালিক সাধারণ কৃষক। পচে গেলে তাঁরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। ফেরিসংকটের পাশাপাশি ফেরিচালকদের (মাস্টার) অলসতার কারণে দ্রুত যান পারাপার সম্ভব হচ্ছে না অভিযোগ করে বলেন, ঘাটে রয়েছে চাঁদাবাজি। ফেরিতে আগে ওঠার জন্য চাঁদাও দিতে হচ্ছে।
বেশ কয়েকজন চালক জানান, ভোলা-লক্ষ্মীপুর নৌপথে কমপক্ষে চারটি ফেরি দরকার । সেখানে কখনো একটি, কখনো দুটি ফেরি চলাচল করছে। সংকট রাখলে চাঁদাবাজি করতে সুবিধা হয়। ফেরিসংকটের কারণে ভোলার ইলিশা ও লক্ষ্মীপুর ফেরিঘাটে শত শত যানবাহন দিনের পর দিন আটকে থাকছে। বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ যথাযথভাবে নজর না দেওয়ায় এই নৌপথ অবহেলিতই রয়েছে।
বিআইডব্লিউটিসির (ফেরি) মহাব্যবস্থাপক শাহাদাত আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আরেকটি ফেরির ব্যবস্থা করা হচ্ছে।
ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।