ফেরি-স্বল্পতা ও ড্রেজিংয়ে পাটুরিয়ায় পারাপার ব্যাহত

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি-স্বল্পতার পাশাপাশি খননকাজ চলায় ফেরিগুলো ঠিক সময়ে ভিড়তে পারছে না। আর এর ফলে যানবাহন পারাপার ব্যাহত হওয়ায় উভয় ঘাটে আটকা পড়ছে শত শত গাড়ি। দুর্ভোগের শিকার হচ্ছে আটকে পড়া যানবাহন যাত্রীরা। আজ শনিবার বিকেল পর্যন্ত উভয় ঘাটে আটকা পড়েছে কয়েক শ গাড়ি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১৬টি ফেরির মধ্যে এখন চলছে ১৫টি। এর মধ্যে গত বৃহস্পতিবার সকাল থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও ইউটিলিটি ফেরি রজনীগন্ধ্যা বসে পড়ে। ফেরি দুটির মধ্যে গতকাল শুক্রবার রাতে রজনীগন্ধ্যা ও আজ শনিবার সকালে হামিদুর রহমান বের হয়। এ ছাড়া তার দুই দিন আগ থেকে ইউটিলিটি শাপলা শালক ফেরি বিকল হয়ে বসে পড়লেও এখনো পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে রয়েছে।
ফেরির এই স্বল্পতার পাশাপাশি নদীর নাব্যতা দূর করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কিছুদিন ধরে দৌলতিদয়া ও পাটুরিয়া ঘাটের কাছে খননকাজ শুরু করেছে। তবে পাটুরিয়া ঘাটের চ্যানেল তৈরি কালে ওয়ানওয়ে (একপথ) হওয়ায় একটি ফেরি চ্যানেল দিয়ে ঘাটে প্রবেশের সময় বিপরীত দিক থেকে আরেকটি ফেরি পাশাপাশি চলতে পারে না। ফলে চ্যানেলে থাকা ফেরি চ্যানেলের বাইরে না আসা পর্যন্ত আরেকটি ফেরিকে অপেক্ষা করতে হয়। এ কারণে চ্যানেলে প্রবেশের জন্য বা গাড়ি লোড-আনলোডে অতিরিক্ত প্রায় ১৫ থেকে ২০ মিনিট করে অপেক্ষা করতে হচ্ছে। এতে স্বাভাবিক সময়ের চেয়ে ফেরির সংখ্যা কমে গেছে। এতে যানবাহন পারাপার ব্যাহত হওয়ায় উভয় ঘাটে গাড়ি আটকা পড়ছে।
রো রো ফেরি ভাষাসৈনিক ডা. গোলাম মাওলার ইনচার্জ মাস্টার শফিকুল ইসলাম বলেন, পাটুরিয়া ঘাটের কাছে ওয়ানওয়ে চ্যানেল তৈরি করায় একে তো ড্রেজিং থাকে, তারপর চ্যানেলে একটি ফেরি প্রবেশ করলে বিপরীত দিক থেকে আরেক ফেরি আসতে পারে না। এ কারণে ওই চ্যানেলের ফেরি বের না হওয়া পর্যন্ত ঘাটে বা চ্যানেলের বাইরে থাকা ফেরিগুলোকে দীর্ঘক্ষণ নোঙর করে অপেক্ষা করতে হয়। পাঁচ থকে ছয় দিন ধরে সমস্যাটি বেশি দেখা দিয়েছে।
আজ বিকেলে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাট থেকে মহাসড়কের প্রায় তিন কিলোমিটার দুই-তিন সারি যানবাহনের লম্বা লাইন তৈরি হয়েছে। এ ছাড়া টার্মিনাল ভরা রয়েছে আরও অনেক যানবাহন। আটকে থাকা গাড়ির যাত্রী ও চালকেরা বলেন, সাধারণত যাত্রীবাহী বাসকে তিন থেকে চার ঘণ্টা লম্বা লাইনে আটকে থাকতে হচ্ছে। এ ছাড়া সাধারণ পণ্যবাহী গাড়িকে অন্তত ১০ থেকে ১৬ ঘণ্টা করে আটকে থাকতে হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, দুই ঘাটের কাছে খননকাজ চলায় স্বাভাবিকভাবে লোড-আনলোডে সময় বেশি লাগায় ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। আগে যেখানে স্বাভাবিক সময়ে ২৪ ঘণ্টায় ফেরির ১৮০ থেকে ১৯০টি ট্রিপ হতো। বর্তমানে তা কমে ১৭০টিতে নেমেছে। এ ছাড়া ফেরির সংখ্যাও প্রয়োজনের তুলনায় কম থাকায় উভয় ঘাটে গাড়ি আটকা পড়ছে।