ফেরিওয়ালা থেকে কাউন্সিলর

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লাকি আকতার নামের কাপড়ের এক ফেরিওয়ালা জয়ী হয়েছেন।
লাকির পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, লাকির বাড়ি গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামে। তিনি বাড়ি বাড়ি ঘুরে কাপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। স্বামী দৌলতদিয়া ঘাট এলাকায় ছোট একটি হোটেলের মালিক। তবে লাকি অভাবের কারণে পড়াশোনায় বেশি দূর এগোতে পারেননি। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। গত পৌরসভা নির্বাচনেও তিনি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু সেবার সামান্য ভোটে পরাজিত হয়েছিলেন। এবার তিনি ‘পুতুল’ প্রতীক নিয়ে ভোট পান ১ হাজার ৩৪২। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহানাজ আকতার (হারমোনিয়াম) পান ১ হাজার ৩১ ভোট।
লাকি আকতার বলেন, ‘আমি দরিদ্র ঘরের সন্তান। বাস করি আদর্শ গ্রামে। সংরক্ষিত তিনটি ওয়ার্ডের প্রতিটি বাড়িতেই প্রতিনিয়ত আমার আসা-যাওয়া রয়েছে। প্রতি বাড়ি ঘুরে কাপড় বিক্রি করেছি। এ কারণে সবাই আমাকে “কাপড় লাকি আপা” বলে চেনে। সবার সঙ্গে অনেক গভীর সম্পর্ক তৈরি হয়েছে। অভাবী মানুষের পাশে দাঁড়ানোর জন্য গতবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সামান্য ভোটে পরাজিত হই। এরপরও দমে না যেয়ে এবারও প্রতিদ্বন্দ্বিতা করি। আমার কোনো অর্থকড়ি নেই। নেই ধনসম্পদ, গাড়ি-বাড়ি। সাধারণ মানুষের ভালোবাসায় আমি সিক্ত। সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে আগামী দিনগুলোতে কাজ করতে চাই।’