ফেরিওয়ালার ঝুলিতে ফেনসিডিল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরিওয়ালা সেজে ফেনসিডিল বিক্রির সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জের চরআইল এলাকা থেকে মো. কামাল খান (৩৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। র্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে চরআইল এলাকায় কামাল খান ফেরিওয়ালার সাজে কাঁধে বোঝা ঝুলিয়ে হাঁটছিলেন। কিন্তু কোনো হাঁক দিচ্ছিলেন না। এতে র্যাব-৩-এর টহল দলের সন্দেহ হলে তাঁরা কামালকে থামিয়ে তাঁর বোঁচকা তল্লাশি করেন। দেখা যায় বোঁচকার একটি কার্টনের ওপরের দিকে থরে থরে চুড়ি সাজানো। এর নিচে আরেকটি কার্টনে দেখা যায় ফেনসিডিলের বোতল সাজিয়ে রাখা। র্যাব ওই কার্টনে ১৪০ বোতল ফেনসিডিল পায়।