ফেরিঘাট ঝুঁকিতে ফেলে জমির মাটি ইটভাটায় বিক্রি
আইন লঙ্ঘন করে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকার জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। ওই এলাকার ফসলি জমি থেকেও মাটি কাটা হচ্ছে। এতে ১ নম্বর ফেরিঘাটটি ঝুঁকিতে রয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে ওই এলাকায় ভাঙন দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে মাটি কাটায় ফসলি জমি কমে যাচ্ছে।২০১০ সালের বালুমহাল ইজারা প্রদান ও আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বিধান প্রকল্পে প্রণীত আইনের চার ধারায় বলা হয়েছে, বিপণনের উদ্দেশ্যে কোনো উন্মুক্ত স্থান, চা-বাগানের ছড়া বা নদীর তলদেশ থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। একই ধারার ‘খ’ উপধারায় উল্লেখ করা হয়েছে, সেতু, কালভার্ট, বাঁধ...গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার এক কিলোমিটারের মধ্যে থেকে মাটি কাটা যাবে না।গত রোববার সরেজমিনে দেখা গেছে, ১ নম্বর ফেরিঘাট থেকে কয়েক শ গজ পশ্চিমে পদ্মা নদীর পারের ৮-১০ বিঘা ফসলি জমি থেকে এস্কাভেটর দিয়ে মাটি কেটে ট্রাকে তোলা হচ্ছে। স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মালিকানা দাবি করে জমিতে গর্ত করে মাটি কেটে নিচ্ছেন।ট্রাকচালক আবদুল লতিফ শেখ বলেন, ‘প্রতিদিন ৪০ থেকে ৫০ ট্রাকে করে মাটি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর, ভাগলপুর এলাকার চারটি ইটভাটায় বিক্রি করা হয়। ডিজেল ও শ্রমিক খরচ এবং গাড়িভাড়া বাবদ দূরত্ব বুঝে ট্রাকপ্রতি দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৫০০ টাকা পর্যন্ত আমরা নিয়ে থাকি। জমির মালিক পান ২০০ থেকে ৩০০ টাকা। প্রতিবার প্রায় ৭০০ টাকার তেল লাগে এবং চালকের সহকারীকে ২৫০ টাকা করে দিতে হয়।’মাটির ট্রাক গণনায় নিয়োজিত পাবনার আমিনুল ইসলাম জানান, তাঁর কাজ হচ্ছে প্রতিদিন কত গাড়ি মাটি গেল তার হিসেব রাখা। এ জন্য ট্রাকের মালিক তাঁকে প্রতিদিন ৩০০ টাকা করে দেন। গাড়ি ও জমির মালিক স্থানীয় এক জনপ্রতিনিধি।ওই এলাকার জমির মালিক দাবিদার শাজাহান জানান, ফেরিঘাট-সংলগ্ন এলাকায় তাঁর প্রায় ছয় বিঘা জমি আছে। সেই জমি থেকে কয়েক বছর ধরে মাটি বিক্রি করে আসছেন। প্রতি বিঘা জমি থেকে যেখানে বছরে ১০-১২ হাজার টাকার ফসল পেতেন, সেখানে মাটি বিক্রি করে প্রতি বিঘা জমি থেকে ৪০-৫০ হাজার টাকা পাচ্ছেন।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচার বন্দর কর্মকর্তা কবির হোসেন জানান, ফেরিঘাট এলাকায় ব্যক্তিমালিকানাধীন জমি হলেও সরকারের সম্পত্তি ঝুঁকিতে রেখে কেউ মাটি কাটতে পারে না। গভীর করে মাটি কাটলে বর্ষা মৌসুমে ঘাট ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে চিঠি দিয়ে ১৫-১৬ দিন আগে ওই এলাকা থেকে মাটি কাটা বন্ধ করার উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘জমিসংক্রান্ত বিষয় দেখভালের দায়িত্ব এসিল্যান্ডের, আমার নয়। তা ছাড়া এ ধরনের কোনো চিঠিও আমি পাইনি।’সহকারী কমিশনারের (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছরোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এটি অন্যায় কাজ, আমি এখনই খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’