ফেরিঘাট টার্মিনালে জলাবদ্ধতা, ভোগান্তি
টানা কয়েক দিনের বৃষ্টিতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটসংলগ্ন টার্মিনাল ও সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে৷ এ ছাড়া টার্মিনালে বিভিন্ন পরিবহনে গবাদিপশু ওঠানো-নামানো করায় পশুর বর্জ্যে পুরো টার্মিনাল নর্দমায় পরিণত হয়েছে৷ এ কারণে যানবাহন চালক ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শফিউল্লাহ বলেন, সড়ক থেকে টার্মিনালটি নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়। সড়কেরও নাজুক অবস্থা। কিন্তু স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তির ট্রান্সপোর্টের মাধ্যমে অহরহ গবাদিপশু ওঠানো-নামানো করায় বর্জ্যে গোটা টার্মিনাল ও এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। এ ব্যাপারে মৌখিকভাবে তাঁদের নিষেধ করলেও কোনো কর্ণপাত করেননি। আগামী সপ্তাহে টার্মিনাল ও সড়ক সংস্কারের কাজ শুরু করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন৷
জানা গেছে, গত কয়েক দিনের বৃষ্টির পানি জমে ফেরিঘাট টার্মিনালে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে৷ ফলে টার্মিনালটি যানবাহন রাখার অনুপযোগী হয়ে পড়েছে৷ প্রতিদিন বিভিন্ন গাড়িতে গবাদিপশু ওঠানো-নামানোয় পুরো টার্মিনাল বর্জ্যে ভরে গেছে৷ সড়কের দু-তিনটি স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় সেখানে পানি জমে থাকায় ফেরিতে ওঠা-নামার সময় যানবাহনের চালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। একই সঙ্গে যানবাহন, যাত্রী ও পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে।
গতকাল বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, টার্মিনালের বেশির ভাগ স্থানে পানি জমে আছে৷ টার্মিনালের পাশে সড়কে কিছু গাড়ি ফেরিতে ওঠার জন্য অপেক্ষায় রয়েছে। পাশেই গবাদিপশু বহনকারী ট্রাক থেকে ফেলে দেওয়া খড় ও ময়লা আবর্জনার স্তূপ ৷ ঢাকাগামী মাইক্রোবাসচালক আলামিন সরদার বলেন, ‘সড়কের গর্ত পানির নিচে তলিয়ে থাকায় বুঝতেই পারিনি। মুহূর্তের মধ্যে চাকা গর্তে পড়ে পুরো গাড়িই কর্দমাক্ত হয়ে গেল।’
এ ব্যাপারে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ফেরিঘাট এলাকার টার্মিনালগুলো দেখভালের দায়িত্ব বিআইডবিউটিএর৷ অনেক সময় ঘাটে চাপ সামাল দিতে ফেরিতে ওঠার আগে গাড়ি টার্মিনালে অপেক্ষা করতে হয়৷ কিন্তু টার্মিনালের এমনই অবস্থা, সেখানে গাড়ি রাখার কোনো পরিবেশই নেই। দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হলেও তাতে কোনো কাজ হচ্ছে না বলে মনে হয়।