ফেরিঘাটে আন্দোলন বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-লক্ষ্মীপুর নৌপথে ফেরিতে ‘অতিরিক্ত ভাড়া আদায়’, ‘চাঁদাবাজি’ বন্ধসহ পাঁচ দফা দাবিতে ভোলা-চট্টগ্রাম আন্তজেলা বাস মালিক সমিতি আন্দোলন করে আসছে। এ সমস্যা সমাধানে গতকাল মঙ্গলবার মালিক সমিতি ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন পুলিশ সুপার (এসপি)।

বৈঠক শেষে এসপি মোকতার হোসেন বলেন, ফেরি ব্যবস্থাপককে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফেরির ভাড়া কমানোর ব্যাপারেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে বলা হয়েছে। আন্দোলনকারীদের কর্মসূচি স্থগিত করতে বলা হয়েছে।

এর আগে গত সোমবার আন্দোলনকারীরা ভোলা ফেরিঘাটে বিক্ষোভ করে। তাঁরা ফেরিতে হামলা-ভাঙচুর ও বিআইডব্লিউটিসির ভোলা কার্যালয় ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করে। ভোলা-চট্টগ্রাম আন্তজেলা বাস মালিক সমিতির আহ্বায়ক আবু মিয়া বলেন, দাবি পূরণের জন্য তাঁরা নৌপরিবহনমন্ত্রী, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান, ভোলা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর আবেদন করেছেন। এখন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।

ভোলা ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার বলেন, ফেরি ভাড়া কর্তৃপক্ষ নির্ধারণ করেছে। এখানে চাঁদাবাজি করা হয় না। আর ঘাট নির্মাণ করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আবু মিয়া ও ট্রাকচালক জাহাঙ্গীর হোসেন, কবির হোসেন, সফি মিয়া, মাহমুদুর রহমান ও ছোটন হাওলাদার বলেন, ২০১৫ সালের মার্চে ভোলা-লক্ষ্মীপুর নৌপথের ইলিশা ফেরিঘাটটি ভেঙে যায়। এরপর থেকে আজ পর্যন্ত স্থায়ী একটি ফেরিঘাট নির্মাণ করতে পারেনি বিআইডব্লিউটিএ। গত এপ্রিলে দ্বিতীয়বারের মতো ফেরিঘাটটি ভোলার ভেদুরিয়ায় সরিয়ে নেওয়া হয়। এপ্রিল-মে মাসে ফেরিগুলো ভেদুরিয়া-পাতারহাট-মজু চৌধুরীরহাট নৌপথে চলত। তখন এ পথের দূরত্ব ছিল ৭৩ কিলোমিটার, গাড়ির ভাড়া ছিল ১৪০ থেকে ৫ হাজার ২০০ টাকা। বাস ও ট্রাকের ভাড়া ৫ হাজার ২০০ টাকা। জুন থেকে ফেরিগুলো চলছে ভেদুরিয়া-ইলিশা-মজু চৌধুরীহাট নৌপথে। এখন দূরত্ব ৪২ কিলোমিটার। পথ কমলেও ফেরি ভাড়া কমেনি।