ফেরিঘাটে হাট, চলাচলে বিঘ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের আরিচা হাটে যেতে রাজবাড়ী, কুষ্টিয়াসহ আশপাশের জেলা থেকে গবাদিপশু আনা হয় দৌলতদিয়া ফেরিঘাটে। ট্রলারে তোলার আগে সেখানেও চলে বেচাকেনা। গত মঙ্গলবারের ছবি l প্রথম আলো
মানিকগঞ্জের আরিচা হাটে যেতে রাজবাড়ী, কুষ্টিয়াসহ আশপাশের জেলা থেকে গবাদিপশু আনা হয় দৌলতদিয়া ফেরিঘাটে। ট্রলারে তোলার আগে সেখানেও চলে বেচাকেনা। গত মঙ্গলবারের ছবি l প্রথম আলো

মানিকগঞ্জের আরিচায় প্রতি মঙ্গল ও শুক্রবার বসে গবাদিপশুর হাট। ওই হাটে নেওয়ার জন্য রাজবাড়ী, কুষ্টিয়াসহ আশপাশের জেলা থেকে গবাদিপশু আনা হয় রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। সেখান থেকে ট্রলারে করে নেওয়া হয় আরিচায়। ট্রলারে তোলার আগে ফেরিঘাটে বসে অস্থায়ী গরুর হাট। ঘাটের সড়ক ঘেঁষে চলে বিকিকিনি। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে।
গত মঙ্গলবার সকালে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট-সংলগ্ন ঘাটের সংযোগ সড়কের ধারে দেখা গেছে, বেশ কিছু গবাদিপশুর জটলা। কেউ এসেছেন গরু কিনতে, কেউবা এসেছেন বিক্রি করতে। ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের পদচারণে সকাল থেকে দুপুর পর্যন্ত সরগরম থাকে অস্থায়ী এই হাট। অনুমোদনহীন এই হাট থেকে সরকার কোনো রাজস্ব পায় না।
রাজবাড়ীর একটি বেসরকারি সংস্থার সমৃদ্ধ পুনর্বাসন কর্মসূচির জন্য গবাদিপশু কিনতে এসেছেন মো. রুমান মিয়া। তিনি বলেন, ‘আমি আজ প্রথম এখানে এসেছি। ৬৬ হাজার টাকায় দুটি বাছুর কিনেছি। আরও দুটি কিনতে হবে। তাই একটু অপেক্ষা করছি। তবে এখান থেকে কেনার একটাই সুবিধা, হাটের কোনো খাজনাপাতি লাগছে না।’
বাহির চর দৌলতদিয়া এলাকার সিরাজ সরদার তিন-চার মাস আগে এখান থেকে ২৮ হাজার টাকায় একটি বাছুর কিনেছিলেন। পরিবারের অভাব-অনটনের কারণে তিনি বাছুরটি মাত্র ১৩ হাজার টাকায় বিক্রি করেছেন।
আরিচার উদ্দেশে কুষ্টিয়া থেকে ছয়টি গরু নিয়ে এসেছেন ট্রাকচালক সিরাজ ব্যাপারী। তিনি বলেন, আগে পশুগুলো ক্যানাল ঘাট এলাকায় নামানো হতো। শুষ্ক মৌসুম হওয়ায় পানিস্বল্পতার কারণে ক্যানাল ঘাটের পরিবর্তে এখন এই ফেরিঘাটে নামানো হয়। এখান থেকে ট্রলারে করে আরিচায় নেওয়া হয়। তবে হাটে নেওয়ার আগ পর্যন্ত এখানে অনেকে পশু কেনাবেচা করেন।
ঘাট এলাকার কয়েকজন বলেন, ফেরিঘাট-সংলগ্ন ও ঘাটের সংযোগ সড়কজুড়ে গবাদিপশুর জটলা থাকায় ফেরিতে যানবাহন ওঠানামায় সমস্যা হয়। স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন খান বলেন, এমনিতে ঘাটে প্রায়ই গাড়ির লম্বা লাইন লেগে থাকে। বিশেষ করে এই ৫ নম্বর ঘাট দিয়ে ফেরিতে গাড়ি ওঠানামায় সমস্যাটা বেশি হয়। তার ওপর ঘাটের পাশে গরু-ছাগল, এগুলো বহনকারী গাড়ি, ব্যাপারী ও খরিদ্দারদের সমাগম থাকায় সমস্যা গাড়ির চালক ও যাত্রীদের বিড়ম্বনার শিকার হতে হয়।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মণ্ডল বলেন, ‘এখানে অনেকে গরু কেনাবেচা করেন বলে শুনেছি। তবে এটি ইউপির হাট নয়। এমনকি এখান থেকে কোনো হাসিল আদায় করা হয় না।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ঘাটের কাছে এভাবে গবাদিপশু জড়ো করা ও বিকিকিনি চলায় ফেরিতে গাড়ি ওঠানামায় প্রায়ই সমস্যা হয়। বিষয়গুলো দেখভালের দায়িত্ব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)। সমস্যার কথা তাদের জানানো হয়েছে।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম বলেন, ‘বিআইডব্লিউটিএ হাটের অনুমোদন দেয়নি, দেওয়ার সুযোগও নেই। ওই ঘাট দিয়ে যেসব পশু ট্রলারে পার করা হয়, এ জন্য প্রতি গরু থেকে ইজারাদারের মাধ্যমে ১৫ টাকা করে মাশুল পেয়ে থাকি। সেখানে হাট বসার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলতে পারবেন।’
ইউএনও মো. আবু নাসার উদ্দিন বলেন, এ ধরনের হাটের কোনো অনুমোদন নেই। সম্পূর্ণ অবৈধভাবে কেউ কেউ বেচাকেনা করে থাকতে পারেন। খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।