ফেরিঘাটের রাস্তা দখল করে ইট-বালুর ব্যবসা, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কড়িকান্দি-বিষনন্দী নৌপথের কড়িকান্দি ফেরিঘাটের রাস্তা দখল করে ইট-বালুর ব্যবসা করছেন দুই ব্যক্তি। এতে ফেরিতে ওঠানামা করতে গিয়ে বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকেরা দুর্ভোগের শিকার হচ্ছেন। পাশাপাশি তাঁদের সময়ও নষ্ট হচ্ছে।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, কড়িকান্দি-বিষনন্দী নৌপথের ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় কড়িকান্দি ফেরিঘাট এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিষনন্দী ফেরিঘাট অবস্থিত। এই ফেরিঘাট ব্যবহার করে প্রতিদিন পাঁচ-ছয় শ সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস, পিকআপ ভ্যান, প্রাইভেটকার, ট্রাকসহ বিভিন্ন যানবাহন যাওয়া-আসা করে। বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের জাহাঙ্গীর আলম ও কানাইনগর গ্রামের নাছির উদ্দিন কড়িকান্দি ফেরিঘাটের রাস্তা দখল করে ট্রাক্টরে ইট ও বালু ওঠান। প্রায় তিন মাস ধরে এভাবে ইট-বালুর ব্যবসা করছেন তাঁরা। রাস্তায় যখন ট্রাক্টর থাকে, তখন ফেরিতে যানবাহন ওঠানামা করতে গিয়ে আধা ঘণ্টা থেকে ৪০ মিনিট সময় নষ্ট হয়। কারণ, ইটবহনকারী ট্রাক্টর রাস্তা থেকে না সরানো পর্যন্ত ফেরি থেকে গাড়ি উঠতে পারে না।
সরেজমিনে ৫ মে কড়িকান্দি ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, ফেরিঘাটের পন্টুন থেকে প্রায় ৫০ মিটার দীর্ঘ ইট বিছানো রাস্তা। ওই রাস্তার দক্ষিণ পাশে ৪০-৫০ হাজার ইট রাখা হয়েছে। ওই রাস্তার অর্ধেক দখল করে ইটবহনকারী ট্রাক্টর রাখা হয়েছে। ওই ট্রাক্টরে ইট ভরার কাজ করছেন পাঁচ-সাতজন শ্রমিক। জানতে চাইলে কয়েকজন শ্রমিক বলেন, ‘জাহাঙ্গীর ভাই আর নাছির ভাই মিলে ইট বেচে। ঘাডে (ঘাটে) আড়াআড়ি কইরা গাড়ি না রাখলে ইট বেচন যাইবে না।’
ফেরিতে ওঠার জন্য অপেক্ষমাণ মাইক্রোবাসের চালক সম্রাট মিয়া বলেন, ‘ট্রাক্টর দিয়া ইট আনা-নেওয়ার সময় গাড়ি ফেরিতে ওঠানো-নামানো যায় না। হেরা পুরা রাস্তা বন্ধ কইরা রাইখা গাড়িতে ইট ভরে, হেরা এলাকার প্রভাবশালী। হেরারে কিছু কওন যায় না। ২৪ ফুট চওড়া ওই রাস্তার ১০-১২ ফুটই ট্রাক্টর দিয়া দখল কইরা রাখা হয়।’
ইট-বালু ব্যবসায়ী নাছির উদ্দিন বলেন, ‘যেহেতু ঘাটের জায়গায় ট্রাক্টর লাগাইয়া ইট-বালু বিক্রি করি, সেহেতু গাড়ি চলাচলে কিছুটা সমস্যা তো অইবই। শুধু এই জায়গা না, ঘাটের পশ্চিম দিকে যে কয়ডা দোকান অইছে, সেই জায়গাসহ সব জায়গা আড়াই লাখ টাকা দিয়া বালু ভরাট করেছি।’
অপর ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা ঘাটে ইট বিক্রি করায় যানবাহন চলাচলে কিছুডা সমস্যা হয়ই। প্রশাসন বাধা দিলে আমরা এভাবে আর রাস্তা দখল করে ইটবহনকারী ট্রাক্টর রাখব না।’
ফেরিঘাটের ইজারাদার মাহবুব আল রহমান বলেন, ‘ঘাটের জায়গা দখল করে ইট বিক্রি করার কারণে ফেরিতে গাড়ি ওঠাতে-নামাতে ব্যাপক সমস্যা হচ্ছে। আমরা ইট বিক্রেতাদের বহুবার নিষেধ করেছি, তাঁরা তা মানেন না। আমরা এই বিষয়টা সওজ কর্তৃপক্ষকে এখনো জানাইনি, তবে জানাতে হবে।’
সওজ নারায়ণগঞ্জ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ছিদ্দিকুর রহমান বলেন, ‘ফেরিঘাটের জায়গা দখল করে ইট বিক্রির ব্যবসা করার বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’