ফেরিঘাটের শৌচাগারে দোকান!
পিরোজপুরের সদর উপজেলার বেকুটিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীদের জন্য নির্মিত শৌচাগারের পাকা ঘরটি দোকান হিসেবে ব্যবহার করা হচ্ছে। শৌচাগারটি নির্মাণ করেছে সড়ক ও জনপথ বিভাগ। আর এই বিভাগের এক কর্মচারীই ঘরটি এক ব্যক্তির কাছে ভাড়া দিয়েছেন। এতে ফেরি পারাপারের সময় বিভিন্ন যানবাহনের যাত্রীরা প্রাকৃতিক কাজ সারতে গিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েন।সওজ সূত্রে জানা গেছে, বরিশাল-খুলনা মহাসড়কের বেকুটিয়া ঘাট দিয়ে প্রতিদিন এক শ থেকে দেড় শ যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল করে। সওজের শৌচাগারটি বন্ধ থাকায় ফেরি পারাপারের সময় বাসের যাত্রী, চালক এবং ট্রাকের লোকজনকে প্রাকৃতিক কাজ সারার জন্য পার্শ্ববর্তী বাড়িতে কিংবা মসজিদের শৌচাগারে যেতে হয়। শৌচাগারটি ভাড়া দিয়েছেন আমীর আলী গাজী। ওই কর্মচারী বেকুটিয়া ফেরিতে খালাসি হিসেবে কর্মরত।বেকুটিয়া ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, সওজের শৌচাগারটির দৈর্ঘ্য সাত ফুট, প্রস্থ পাঁচ ফুট, উচ্চতা আট ফুট। এখানেই এখন দোকান বসিয়ে ব্যবসা করছেন শিপন শেখ নামের এক ব্যক্তি। তাঁর বাড়ি ফেরিঘাটের পাশের কুমিরমারায়। ঘরটি নিজের কি না জানতে চাইলে শিপন শেখ বলেন, ‘এইডা রোড (সড়ক ও জনপথ বিভাগের) অফিসের। আমীর আলী গাজীর কাছ থেকে এঠা ভাড়া নিয়া দোহান চালাইতাছি আড়াই বছর ধরে। প্রতি মাসে ঘরভাড়া ৩০০ আর কারেন্ট (বিদ্যুত্) বিল ১০০ টাহা দিই।’ফেরিঘাট এলাকার কবির বলেন, ‘শৌচাগারটি দোকান হিসেবে ভাড়া দেওয়ার বিষয়ে বেশ কয়েকবার কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি।’ গত ৬ জানুয়ারি খুলনা থেকে একটি বাস ফেরিঘাটের কাছে এসে থামার পর লোকজনের কাছে এক যাত্রী জানতে চান শৌচাগার কোথায়। এ সময় সেখানে উপস্থিত আলমগীর নামে একজন ওই বাসযাত্রীকে ঘাট এলাকার একটু দূরে ঝোপঝাড় দেখিয়ে বলেন, ‘ওই দিকে গিয়ে কাজ সেরে আসেন।’ সওজের কর্মচারী আমীর আলী গাজী বলেন, ‘এডা আমি শিপনের ধারে ৪০০ টাহায় ভাড়া দিছি। দোহানঠা ভাড়া দিয়া যে কয়ঠা টাহা পাই, হেতে অনেক উপকার অয়।’ সওজের পিরোজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন আহম্মেদ জানান, বেকুটিয়া ফেরিঘাটের শৌচাগারটি দোকান হিসেবে ভাড়া দেওয়ার বিষয়টি তিনি জানেন না। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।