ফেরিতে জুয়া ও ছিনতাই বন্ধে নৌমন্ত্রীর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে চলাচলরত ফেরিতে জুয়া খেলা ও যাত্রীদের আহত করে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনা কঠোর হস্তে বন্ধের নির্দেশ দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
গতকাল রোববার রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট পরিদর্শনের সময় তিনি এ নির্দেশ দেন।
বেলা তিনটার দিকে মন্ত্রী দৌলতদিয়ায় আসেন। এ সময় ফেরিতে জুয়া খেলার নামে যাত্রীদের কুপিয়ে সর্বস্ব কেড়ে নেওয়ার বিষয়টি তুলে ধরা হয়। তখন তিনি রাজবাড়ী পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএমকে দ্রুত এসব বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, বিষয়টি দেখভালের দায়িত্ব নৌপুলিশের। তারপরও ঘাট এলাকা এবং ফেরিতে কোনো প্রকার ছিনতাই, ডাকাতি বা জুয়া চললে সব ধরনের পদক্ষেপ নেবেন তিনি।
এ সময় রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, সংরক্ষিত নারী সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রায় রাতে পাটুরিয়া ঘাট থেকে ফেরি ছেড়ে আসার পর ইঞ্জিনচালিত ট্রলারে করে জুয়াড়ি ও ছিনতাইকারী চক্রের সদস্যরা ফেরিতে ওঠে। এরপর যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী কেড়ে নেয়।
ফেরিবহরে আরও দুটি ফেরি: ঈদে যানবাহন ও যাত্রী পারাপার নিশ্চিত করতে ১৫ জুলাই আরও দুটি নতুন ফেরি যুক্ত হতে যাচ্ছে। গতকাল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট পরিদর্শনের সময় নৌপরিবহনমন্ত্রী এ কথা জানান।