ফেরিতে জুয়া, প্রলোভনে সর্বস্ব খোয়াচ্ছে যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের ফেরিতে দীর্ঘ দিন ধরে একটি চক্র জুয়ার আসর বসিয়ে আসছে। তারা যাত্রীদের কাছ থেকে সর্বস্ব কেড়ে নেয়। জুয়াড়িদের দৌরাত্ম্যে ফেরির লোকজনও নিরাপত্তাহীনতায় ভুগছে। কিন্তু জুয়াড়িদের বিরুদ্ধে পুলিশের তেমন কোনো তৎপরতা নেই।বিআইডব্লিউটিসি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলরত ফেরিতে জুয়ার আসর বসে। কিন্তু স্থানীয় পুলিশ তেমন পদক্ষেপ নিতে পারেনি। মাঝেমধ্যে দু-একজন জুয়াড়ি গ্রেপ্তার হয়। কিছুদিন পর জামিনে বের হয়ে আবার একই কাজ করে তারা।নাম প্রকাশ না করার শর্তে গোয়ালন্দ কলেজের সহাকারী অধ্যাপক জানান, গত সপ্তাহে ঢাকা থেকে ফেরার পথে রাত ১০টার দিকে তিনি পাটুরিয়া থেকে ফেরিতে ওঠেন। এটি ছাড়ার কিছুক্ষণ পর একটি ট্রলারে করে সাত-আটজন লোক ফেরিতে উঠে চারদিকে ছড়িয়ে পড়ে। এর মধ্যে দুই-তিনজন তাস নিয়ে জুয়ার আসর বসায়। এ সময় যাত্রী সেজে কয়েকজন জিতে নেয় অনেক টাকা। এভাবে প্রলোভন দেখিয়ে দূরপাল্লার যাত্রীদের আকৃষ্ট করে একত্র করার কিছুক্ষণ পরই অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব কেড়ে নেয়।অভিযোগ রয়েছে, নৌপথের দেখভালের জন্য পাটুরিয়া ও দৌলতদিয়া নৌ ফাঁড়ি পুলিশ থাকলেও তাদের ম্যানেজ করে ২০ থেকে ২৫ জনের একটি জুয়াড়ি চক্র তৎপর রয়েছে। তাদের দলনেতা মাদার কাজীকে কয়েক মাস আগে পুলিশ গ্রেপ্তার করে। চক্রটি রাত ১০টার পর থেকে ভোর চারটা পর্যন্ত নির্ধারিত চার-পাঁচটি ট্রলার নিয়ে সশস্ত্র অবস্থায় ফেরিতে ওঠে।জুয়াড়িদের মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে খুনের ঘটনাও ঘটে। গত বছরের ২৭ জুলাই উপজেলার দেবগ্রাম ইউপির তেনাপচা গ্রামের খোলা মাঠে জুয়া খেলার সময় জয়ী হওয়ায় এরশাদ শেখ (২৮) নামের এক যুবককে অন্য জুয়াড়িরা হত্যা করে টাকা ছিনিয়ে নেয়।নাম প্রকাশ না করার শর্তে একাধিক ফেরির মাস্টার ও কর্মকর্তা-কর্মচারীরা জানান, জুয়াড়িরা প্রায়ই ফেরিতে উঠে জুয়ার আসর বসিয়ে যাত্রীদের সবকিছু কেড়ে নেয়। এ সময় তাঁরা ভয়ে কেউ কিছু বলতে পারেন না। মঙ্গলবার ভোরে ফেরি শাহজালালে একজন যাত্রীর সর্বস্ব কেড়ে নেওয়ার সময় প্রতিবাদ করতে গিয়ে জুয়াড়িদের হামলায় জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচজন জখম হন।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক খন্দকার তানভির হোসেন জানান, ফেরিতে জুয়া খেলার বিষয়ে ইতিপূর্বে কয়েকবার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু কোনো পদক্ষেপ না নেওয়ায় ফেরির লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে।গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, ছাত্রলীগ নেতাদের মারধর ও ফেরির ক্যানটিন ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম বাতেন বাদী হয়ে ১৭ জনকে আসামি করে একটি মামলা করেছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বুধবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। পুলিশের সঙ্গে জুয়াড়িদের সখ্য বা যোগসূত্রের অভিযোগ সত্য নয়।