ফেরিতে ট্রাকের চাকায় পিষ্ট ঘুমন্ত মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেরির ওপর ঘুমিয়ে ছিলেন মানুষটি। ঘাটে ভেড়ার পর রডবোঝাই একটি ট্রাক তাঁকে পিষ্ট করে নেমে গেল ফেরি থেকে। গতকাল শনিবার ভোরে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে ঘটেছে এ ঘটনা।
নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ ও ফেরির মাস্টার জানিয়েছেন, তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। ফেরিঘাট এলাকায় ঘোরাফেরা করতেন। বয়স ৩০ বছরের মতো।
প্রত্যক্ষদর্শী ও নৌফাঁড়ি পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে রো রো ফেরি শাহ জালাল পাটুরিয়া থেকে যানবাহন বোঝাই করে ছেড়ে মাঝনদীতে পৌঁছার পরে কুয়াশার কারণে আটকা পড়ে। ভোর পৌনে চারটার দিকে কুয়াশা কেটে গেলে ফেরিটি দৌলতদিয়ার উদ্দেশে রওনা করে। পৌনে পাঁচটার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ঘাটে ভেড়ে ফেরিটি। এ সময় ফেরির কর্মীরা গাড়ি নামার জন্য সামনের ‘র্যাম’ নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রডবোঝাই একটি ট্রাক দ্রুতগতিতে ফেরি থেকে পন্টুনে নেমে যায়। তখনই সবাই দেখতে পান পিষ্ট হওয়া ক্ষতবিক্ষত একটি লাশ পড়ে রয়েছে। এ সময় ফেরির লোকজন দ্রুত ট্রাকচালককে আটক করে নৌফাঁড়ি পুলিশকে খবর দেন। পুলিশ ট্রাক ও চালক সাহেব আলী গাজীকে (২৬) আটক করে।
দৌলতদিয়া নৌফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) শামসুল হক জানান, নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।