ফেরির ক্যানটিনে সন্ত্রাসীদের হামলা টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের পাটুরিয়া থেকে দৌলতদিয়া নৌপথে চলাচলকারী কে-টাইপ (মাঝারি) ফেরি কাবেরীর ক্যানটিনে গত রোববার রাতে ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। আহত করে ক্যানটিনের পাঁচ কর্মচারীকে। এ সময় সন্ত্রাসীরা ক্যানটিনের ক্যাশবাক্স থেকে চার লাখ ৬৫ হাজার টাকা লুট করে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও ক্যানটিন কর্তৃপক্ষ জানায়, রোববার রাত সোয়া নয়টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে ফেরি কাবেরী রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের উদ্দেশে যাত্রা করে। পথে দৌলতদিয়া এলাকার জুলহাস, আজগর, টোকন, আশরাফ, আনোয়ারসহ সাত-আটজন বখাটে যুবক ফেরির ক্যানটিনে নানা পদের খাবার খান। এ সময় বিল বাবদ এক হাজার ১৬০ টাকা চাওয়া হলে খাবারের মূল্য নির্ধারণ নিয়ে ক্যানটিন পরিচালনাকারীদের সঙ্গে ওই যুবকদের বাগিবতণ্ডা হয়।
ক্যানটিনের ইজারাদার মাঈনুল জাহিদ খান বলেন, সন্ত্রাসীরা ক্যানটিনে হামলা চালায়। বাধা দিতে গেলে তারা ক্যানটিনের কর্মচারীদের মারধর করে। এতে পাঁচ কর্মচারী আহত হন। সন্ত্রাসীরা ক্যাশবাক্স থেকে চার লাখ ৬৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।