ফেরির ট্রিপ কম, পচছে তরমুজ
ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাটে আটকে আছে তরমুজবোঝাই শতাধিক যান। অনেক তরমুজ পচে গন্ধ ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। ঘাটে আটকে থাকা যানবাহনের চালকদের অভিযোগ, চাঁদা বন্ধ হওয়ার পরে ফেরির লোকজন ফেরি যাতায়াতে ছয়-সাত ঘণ্টার জায়গায় ৯-১০ ঘণ্টা লাগাচ্ছেন। রাতের ফেরি চালাচ্ছেন না। এ নৌপথে চারটি ফেরি থাকার কথা থাকলেও আছে তিনটি।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে ইলিশা ফেরিঘাটে গিয়ে দেখা গেছে, ঘাটে আটকা পড়েছে কাঁচামালবাহী ১২০টি ট্রাক। এর মধ্যে তরমুজবাহী ১১০টি। আরও আছে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস। চালকেরা জানান, একেকটি ট্রাকে লক্ষাধিক টাকার তরমুজ আছে।
ঘাটে অবস্থান নেওয়া তরমুজের ব্যাপারী আজিজুল ইসলাম বলেন, মৌসুমের শুরুতেই ফেরি বিকল হওয়ায় ব্যবসায়ী ও চাষিরা সমস্যায় পড়েছিলেন। কর্তৃপক্ষ বিকল ফেরি সংস্কার করে মোট তিনটি ফেরি দিয়ে কিছুটা হলেও ফেরি-সংকট দূর করে। কিন্তু ফেরির মাস্টার ট্রিপ কমিয়ে দেওয়ায় ফেরি বাড়ানোর সুবিধা পাননি কাঁচামাল ব্যাপারীরা। এখন রাতেও ফেরি চালানো হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক চারজন ট্রাকচালক বলেন, আগে এ ঘাটে স্থানীয় লোকজন চাঁদাবাজি করত। সর্বনিম্ন ৮০০ টাকা থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা আদায় করা হতো পণ্যবোঝাই ট্রাক থেকে। মার্চ মাসের শেষ সপ্তাহে ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের এসআই বশির আহমেদ চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেন। এরপর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে রাতে ফেরির ট্রিপ বন্ধ করে দেওয়া হয়। চালকদের অভিযোগ, চাঁদার ভাগ ফেরির লোকজনও পেতেন। এ আয় বন্ধ হয়ে যাওয়ায় এখন ট্রিপ দিতে তাঁদের অনীহা দেখা দিয়েছে।
তরমুজবাহী ট্রাকের চালক শাজাহান মাল বলেন, এক দিন ঘাটে থাকতে ৮০০-৯০০ টাকা বাড়তি খরচ হচ্ছে। ইচ্ছে করলে কর্তৃপক্ষ দিনে ১০০ ট্রাক পার করতে পারে। কিন্তু তা করছে না। একবার ঘুরে আসতে ফেরির নয় থেকে ১০ ঘণ্টা সময় লাগছে। যেখানে সময় লাগার কথা পাঁচ থেকে ছয় ঘণ্টা।
ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আলম বলেন, এখন ঝড়-বৃষ্টির মৌসুম। বাতাসের গতিবেগ বৃদ্ধি, ডুবোচরসহ নানা কারণে ফেরি চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। আগে গড়ে ৭০টি যান পার করা যেত। এখনো সমানসংখ্যক যান পার হচ্ছে। চাঁদা বন্ধ হওয়ার কারণে ফেরি চলাচলে অনিয়ম হচ্ছে, এমন প্রশ্ন করলে ব্যবস্থাপক বলেন, ‘অভিযোগ আমি শুনেছি, কিন্তু তেমন কোনো প্রমাণ পাইনি।’