
বরগুনার বামনা ও বেতাগী উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনে বিষখালী নদীর বদনীখালী এলাকায় ফেরি চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ দাবিতে তাঁরা গতকাল বৃহস্পতিবার সকালে নদীর দুই তীরে মানববন্ধন ও সমাবেশ করেন।
বামনা-বদনীখালী ফেরি বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও বামনা প্রেসক্লাবের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। গতকাল সকাল ১০টায় বামনা লঞ্চঘাটে নদীর তীরে প্রথমে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বামনা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বামনা-বদনীখালী ফেরি বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক ওবায়দুল কবীর আকন্দ সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তজা আহসান, বামনা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চৌধুরী মো. কামরুজ্জামান, বামনার সারওয়ারজান মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. ফারুক আহম্মেদ আকন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জয়নাল আবেদীন খান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণকান্ত কর্মকার, বামনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির মোল্লা, নারীনেত্রী কাজী মোর্শেদা মিলন প্রমুখ।
এদিকে বেতাগীর বদনীখালী বন্দরে বিষখালী নদীর তীরে অপর একটি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনীতিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বুড়ামজুমদার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক ইউনুস আলী ইলিয়াস প্রমুখ।
দুই মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, বামনা-বেতাগী একই সংসদীয় আসন হলেও প্রমত্তা বিষখালী নদীর কারণে এ দুটি জনপদ যোগাযোগ-বিচ্ছিন্ন রয়েছে। যুগ যুগ ধরে অবহেলিত থাকার কারণে এখানে সড়ক যোগাযোগব্যবস্থা চরম বিপর্যস্ত অবস্থায় রয়েছে। বিষখালী নদীর বদনীখালী এলাকায় ফেরি সার্ভিস না থাকায় বামনা-বেতাগীবাসী বরগুনাসহ বৃহত্তর পটুয়াখালীর সঙ্গে সড়কপথে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে। তাই অবিলম্বে এখানে ফেরি সার্ভিস চালু করতে হবে।