ফেরির ধাক্কায় সি-বোট উল্টে দুই যাত্রী নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর-মাওয়া নৌপথে পদ্মা নদীতে গত মঙ্গলবার রাতে ফেরির ধাক্কায় একটি সি-বোট উল্টে গেছে। এতে দুই যাত্রী নিখোঁজ রয়েছেন। তাঁদের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়। জাজিরা থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত আটটার দিকে ১৩ জন যাত্রী নিয়ে একটি সি-বোট মাওয়া ঘাট থেকে শরীয়তপুরের মঙ্গলমাঝি ঘাটে যাচ্ছিল। সি-বোটটি নদীর মাঝে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় মাওয়া ঘাট থেকে কাওড়াকান্দিগামী যমুনা নামের একটি ফেরির ধাক্কায় সি-বোটটি উল্টে যায়। সি-বোটের দুজন যাত্রী সাঁতারে ফেরিতে এবং নয়জন তীরে উঠতে সক্ষম হন। সি-বোটের যাত্রী ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর গ্রামের জামিলা বেগম ও ভেদরগঞ্জ পৌরসভার নজরুল মাঝি নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলে জাজিরা ও লৌহজং থানার পুলিশ এবং নিখোঁজ যাত্রীদের স্বজনেরা ট্রলার নিয়ে খোঁজাখুঁজি করছে।