ফেরিসংকট, সি-ট্রাক দুটিও বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা সমস্যা ও ঝুঁকির মধ্য দিয়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২১ জেলার যাত্রীদের ভোলা-লক্ষ্মীপুর নৌপথে চলাচল করতে হচ্ছে। ওই পথে আগে থেকেই ফেরিসংকট ছিল। যে দুটি সি-ট্রাক চলাচল করত, যান্ত্রিক ত্রুটির কারণে সেগুলোও এখন বিকল হয়ে আছে। ঈদে ঘরমুখী যেসব মানুষ ভিড় এড়াতে চান, তাঁরা এখন বাধ্য হয়ে ছোট ছোট ট্রলারে এই নৌপথ পাড়ি দিচ্ছেন।
গত শুক্র ও গতকাল শনিবার সরেজমিনে ভোলার ইলিশা ফেরিঘাটে দেখা যায়, ছোট ছোট ট্রলারে মেঘনা পাড়ি দিয়ে আসা নারী ও শিশুরা ঘাটে নেমে ক্লান্তিতে ভেঙে পড়ছে। অনেককে ট্রলার থেকে নেমে বমি করতেও দেখা গেল।
চট্টগ্রাম থেকে আসা যাত্রী কামরুল ইসলাম বলেন, এখন মেঘনায় উত্তাল ঢেউ। এ ঢেউয়ে ছোট ট্রলারগুলো প্রচণ্ড দোল খায়। এতে অনভ্যস্ত যাত্রীরা বমি করে দেয়। এমনকি অনেকে জ্ঞানও হারিয়ে ফেলে।
ট্রলার থেকে নেমে ধাতস্থ হওয়ার পর আশা বেগম নামের এক যাত্রী বলেন, ‘ভোরে ঘাটে আইসাও ফেরি, সি-ট্রাক কিচ্ছু পাই নাই। শ্যাসে সাহস কইরা ট্রলারে উঠছি। নাইলে এরপর আর ভিড়ের চোটে বাড়িতেই আসতে পারুম না।’
ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার বলেন, ‘বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর নৌপথে এসটি খিজির-৮ নামের একটি সি-ট্রাক চলত। সি-ট্রাকটি ৬ জুলাই বিকল হয়ে পড়ে।
বর্তমানে এটির সংস্কারকাজ চলছে। এ ছাড়া ইলিশাঘাট থেকে এসটি খিজির-৭ নামের আরেকটি সি-ট্রাক লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট ঘাটে চলাচল করত। এটিও যান্ত্রিক ত্রুটির কারণে গত ২৮ জুন থেকে বিকল হয়ে আছে। এটিরও কাজ চলছে।
ব্যবস্থাপক আরও বলেন, বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের যে সংখ্যক গাড়ি ভোলা-লক্ষ্মীপুর নৌপথে চলাচল করে তাতে প্রতিদিন অন্তত তিনটি ফেরি দরকার। অথচ এ নৌপথে কিষানি ও কনকচাঁপা নামে দুটি ফেরি চলত।
এ দুটি দিয়ে ১৫ থেকে ১৬টি গাড়ি পার করা যেত। কিন্তু বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ কনকচাঁপা ফেরিটি সরিয়ে গত শুক্রবার থেকে কস্তুরি নামের ছোট একটি ফেরি নামিয়েছে। এটি দিয়ে একবারে মাত্র আট থেকে নয়টি গাড়ি পার হতে পারে।
আবু আলম হাওলাদার জানান, সি-ট্রাক ও ফেরিসংকট ছাড়াও ভোলার ইলিশা ও লক্ষ্মীপুরের মজু চৌধুরীঘাটের এপ্রোচ সড়ক ভাঙা। জোয়ার এলেই এপ্রোচ সড়কটি তলিয়ে যায়। এতে অনেক সময় দিনে তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত ফেরি বন্ধ রাখতে হয়। সামনে ঈদ। এ সময় এভাবে ফেরি বন্ধ রাখতে হলে যাত্রীদের ভোগান্তি বাড়বে বলে তিনি মত প্রকাশ করেন।
বিআইডব্লিউটিসির বরিশাল বিভাগের সহ-মহাব্যবস্থাপক গোপাল মজুমদার বলেন, ‘ভোলা-লক্ষ্মীপুর ফেরিপথে চলাচলকারী যানগুলোর জন্য অন্তত তিনটি ফেরি দরকার। কিন্তু ফেরি না থাকায় এ সমস্যার সমাধান হচ্ছে না। আর সি-ট্রাক দুটি শিগগিরই চালু হবে বলে আশা করছি।’
ভোলা জেলা প্রশাসক সেলিম রেজা বলেন, ‘ভোলা-লক্ষ্মীপুর নৌপথে ফেরি ও সি-ট্রাকের সমস্যা ডিসি সম্মেলনে মন্ত্রীদের সামনে উত্থাপন করেছি। ঈদকে সামনে রেখে যাত্রীদের দুর্ভোগ কমাতে সচেষ্ট আছি।’