ফেরিসংকটে দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার মঙ্গলবার দুপুরের পর থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে দীর্ঘ সারির সৃষ্টি হয়। এতে ফেরি পারাপারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় বলে বিভিন্ন যানবাহনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফেরিসংকটের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যানবাহন পারাপারে অধিক সময় লাগায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে। মঙ্গলবার বিকেল চারটায় ঘাটে গিয়ে দখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ক্যানাল ঘাট পর্যন্ত দেড় কিলোমিটারজুড়ে মহাসড়কের ওপর বাসসহ বিভিন্ন যানবাহনের সারি রয়েছে। এ ছাড়া ফেরিঘাট থেকে বিআইডব্লিউটিসির বুকিং কাউন্টার পর্যন্ত সড়কের দুই পাশে ট্রাকের সারি দেখা যায়। এ ছাড়া ট্রাক টার্মিনালের ইয়ার্ডেও কোনো খালি জায়গা নেই। এ সময় ঘাট এলাকায় সড়কের ওপর প্রায় ৩০০ যানবাহন নদী পারাপারের জন্য অপেক্ষায় ছিল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় ও ঘাটশ্রমিক সূত্রে জানা গেছে, এখন এ পথে মাত্র সাতটি রো রো ও একটি ‘কে’ টাইপ ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক অর্পণ কুমার চন্দ বলেন, ফেরিস্বল্পতার কারণে যানবাহন পারাপার করতে সমস্যায় পড়তে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।