ফেরিস্বল্পতা ও স্রোতে ফেরি চলাচল ব্যাহত
ফেরি-সংকটের পাশাপাশি পদ্মায় অস্বাভাবিক স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে এ পথের দুটি ঘাটেই যানজট দেখা দিয়েছে।গতকাল মঙ্গলবারও দৌলতদিয়া ঘাটের প্রায় তিন কিলোমিটারে যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে সংঘবদ্ধ দালাল চক্রকে অতিরিক্ত টাকা না দিলে ট্রাক পারাপারের টিকিট মিলে না বলে অভিযোগ পাওয়া গেছে। বিআইডব্লিউটিসি ও দৌলতদিয়া ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে পদ্মা নদীতে পানি বাড়ায় তীব্র স্রোত দেখা দিয়েছে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১১টি রোরো ফেরির স্থলে এখন মাত্র সাতটি রোরো ফেরি চলাচল করছে। এতে দৌলতদিয়া প্রান্তে দুই দিন ধরে যানজট সৃষ্টি হয়েছে। যানজটের কারণে স্থানীয় সংঘবদ্ধ দালাল চক্র ঘাটে আসা ট্রাকচালকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে। একেকটি ট্রাক পারাপারে ৯৬০ টাকার স্থলে দিতে হচ্ছে এক হাজার ৫০০ থেকে এক হাজার ৬০০ টাকা।গতকাল মঙ্গলবার দুপুরে ঘাটে দেখা যায়, ফেরিঘাট থেকে প্রায় তিন কিলোমিটার লম্বা যানবাহনের দুই সারি। মাঝেমধ্যে দুই সারির ভেতর আরেকটি পরিবহনের লাইন হওয়ায় দেখা দিয়েছে যানজট। অস্বাভাবিক গরমে দুর্ভোগে পড়তে হচ্ছে আটকে পড়া যাত্রীদের।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক খোন্দকার তানভীর হোসেন জানান, ১১টি রোরো ফেরির মধ্যে কয়েক দিন আগে তিনটি এবং সর্বশেষ শনিবার আরেকটি রোরো ফেরি ডকইয়ার্ডে পাঠানো হয়। ট্রাক পারাপারে অতিরিক্ত টাকা নেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কাউন্টার থেকে চালক বা সহকারীকে টিকিট কাটতে বলি। বাইরে দালালের খপ্পরে পড়ে সমস্যার সমঞ্চুখীন হলে এর দায় কে নেবে?’