দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে শিগগিরই ফেরিস্বল্পতা দূর করা না হলে আসন্ন ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
দৌলতদিয়া ঘাট সূত্র জানায়, ঈদ ঘনিয়ে আসায় গুরুত্বপূর্ণ এ পথে নদী পারের জন্য আসা যানবাহনের চাপ দ্রুত বেড়ে যাবে। এ অবস্থায় আটটি রো রো (বড়) ও তিনটি ছোট ফেরি চললেও তা প্রয়োজনের তুলনায় কম। এ ছাড়া ফেরিগুলোর বয়স বেশি হওয়ায় প্রায়ই বিভিন্ন ত্রুটি দেখা দেয় এবং দু-একটি ফেরি দীর্ঘ সময় বন্ধ রেখে স্থানীয় ভাসমান কারখানা মধুমতিতে মেরামত করতে হয়। বর্তমানে এ পথে প্রতিদিন প্রায় তিন হাজার যানবাহন নদী পারাপার হয়। ঈদের সময় এ সংখ্যা দ্বিগুণ ছাড়িয়ে যেতে পারে। এ জন্য দ্রুত ফেরির সংখ্যা না বাড়ালে ঈদে ঘরমুখী মানুষের ভিড় ও যানবাহনের চাপে দুর্ভোগ বাড়ার আশঙ্কা রয়েছে।
বিআইডব্লিউটিসি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ পথে মোট ১১টি বড় ও তিনটি ছোট ফেরি রয়েছে। চারটি বড় ফেরি পর্যায়ক্রমে নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে সংস্কারের জন্য পাঠানো হয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের (ফেরি সেক্টর) নির্বাহী প্রকৌশলী এনামুল হক জানান, এ পথের জন্য নির্দিষ্টভাবে বরাদ্দ না থাকলেও ঈদের সময় সাধারণত ১১-১২টি করে বড় ফেরি চলে। মোট ১৩টি বড় ফেরির মধ্যে দুটি মাওয়ায়, আটটি এ পথে এবং তিনটি ডকইয়ার্ডে রয়েছে। ডকইয়ার্ডে থাকা ফেরি তিনটি শিগগিরই আসার কথা রয়েছে। সেগুলো এলে ঈদে তেমন একটা সমস্যা থাকবে না।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, ‘নদীর নাব্যতা ঠিক থাকলে এবং নিয়মিত ১৩-১৪টি ফেরি চললে কোনো সমস্যা হবে না।’