রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের কাছে একটি নতুন চ্যানেল খননের পর গতকাল সোমবার খুলে দেওয়া হয়েছে। এই চ্যানেল দিয়ে বর্তমানে স্বাভাবিক গতিতে ফেরি চলাচল করছে। তবে ফেরিস্বল্পতার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের উভয় ঘাটে এখনো পারাপারের অপেক্ষায় আটকা রয়েছে প্রায় চার শ যানবাহন।
বিআইডব্লিউটিএর খনন বিভাগ সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের দৌলতদিয়ার এক নম্বর ফেরিঘাট বরাবর নতুন খনন করা ৫০০ ফুট দীর্ঘ ও ২৪০ ফুট প্রস্থের চ্যানেলটি গতকাল সকাল সাড়ে ১০টার দিকে খুলে দেওয়া হয়। পাশাপাশি তিন নম্বর ফেরিঘাট বরাবর চ্যানেলটিতে তিনটি খননযন্ত্র দিয়ে খননকাজ চলছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ জানান, ফেরি চলাচল স্বাভাবিক হলেও ফেরিস্বল্পতার কারণে এখনো এই ঘাটে প্রায় দেড় শ ট্রাক ও প্রায় ৫০টি বাস পারাপারের অপেক্ষায় রয়েছে। বিআইডব্লিউটিসি পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার সাহা জানান, একই কারণে পাটুরিয়াতেও প্রায় দেড় শ ট্রাক ও ৩০টি বাস পার হওয়ার অপেক্ষায় ছিল।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আবদুল কুদ্দুস জানান, নতুন চ্যানেলে পানির গভীরতা রয়েছে প্রায় ১০ ফুট। ফলে স্বাভাবিক গতিতে ফেরিগুলো চলাচল করতে পারছে। কিন্তু ফেরির সংখ্যা কম থাকায় উভয় ঘাটে প্রায় ৪০০ যানবাহন আটকা রয়েছে।