দুটি ফেরি অকেজো হওয়ায় এবং গত রোববার ঝোড়ো বাতাসে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে কয়েক শ গাড়ি আটকা পড়েছে৷ গতকাল সোমবার দুপুরেও আটকা পড়া গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে৷
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও ঘাট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই নৌপথে আটটি রোরো, তিনটি কে-টাইপ এবং দুটি ইউটিলিটি ফেরি চলাচল করছে৷ এর মধ্যে গতকাল সকালে রোরো ফেরি ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান’ বিকল হয়ে পড়ে৷ ফেরিটিকে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতীতে রেখে মেরামত করা হচ্ছে৷ এর আগে গত শনিবার যান্ত্রিক ত্রুটির কারণে আরেকটি রোরো ফেরি ‘শাহ আলী’ বিকল হয়ে পড়ে৷ স্থানীয়ভাবে মেরামত করা সম্ভব না হওয়ায় ফেরিটিকে গতকাল সকালে নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে পাঠানো হয়েছে৷ এ ছাড়া গত চার দিন ধরে এই নৌপথে কয়েক মাস আগে যুক্ত হওয়া নতুন দুটি ইউটিলিটি ফেরির মধ্যে ‘বনলতা’ নামের ফেরিটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে রয়েছে৷ এখন মাত্র ছয়টি রোরো, তিনটি কে-টাইপ এবং একটি ইউটিলিটি ফেরি দিয়ে যান পারাপার করা হচ্ছে৷
এর মধ্যে সার্চ লাইটে সমস্যার কারণে ইউটিলিটি ফেরিটি রাতে বন্ধ রাখা হয়৷ এদিকে ফেরির সংকটের পাশাপাশি রোববার সারা দিন ঝোড়ো বাতাসের কারণে ফেরি চলাচল ব্যাহত হয়৷ এসব কারণে গতকাল বেলা একটায়ও উভয় ঘাটে যানবাহনের প্রায় দুই কিলোমিটার লম্বা দুটি সারি তৈরি হয়৷
বিআইডব্লিউটিসির দৌলতদিয়ার দুই নম্বর ফেরিঘাটে কর্মরত রেডিও টেলিফোন অপারেটর (আরটিও) মাহমুদ হোসাইন বলেন, পরপর তিনটি ফেরি নষ্ট হয়ে ফেরির সংখ্যাও কমে গেছে৷ এ কারণে উভয় ঘাটে চার শতাধিক যানবাহন আটকা পড়ে৷