
চার দিন ধরে বিকল দুটি ফেরির একটি। তাই ফেরি-সংকটে ভোলার ইলিশা ও লক্ষ্মীপুরের মজু চৌধুরীরহাট ফেরিঘাটে আটকা পড়েছে কাঁচামালবাহী তিন শতাধিক গাড়ি। এরই মধ্যে গরমে পচতে শুরু করেছে কয়েক কোটি টাকার এ কাঁচামাল।
গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের ইলিশা সৃষ্টিতলা থেকে ফেরিঘাট পর্যন্ত রাস্তা প্রায় এক কিলোমিটার।
এ সড়কে তরমুজ, আলু, শসা, সবজি, নারকেলসহ কাঁচামালবাহী ১২০টি ট্রাক আটকে আছে। আরও রয়েছে যাত্রীবাহী বাস, পিকআপ ভ্যান ও মাইক্রোবাস। গরমে তরমুজ ফেটে গেছে। তরমুজের রস গাড়ির নিচ দিয়ে ঝরে পড়ছে। তরমুজ ভালো রাখতে কাভার্ড ভ্যানের দরজা খুলে রাখা হয়েছে। ফেরি বিকল হওয়ায় কোটি টাকার লোকসানের আশঙ্কা ব্যাপারী ও চাষিদের। তাঁরা দ্রুত ফেরি-সংকট নিরসনের দাবি করেন।
ঘাটের ব্যবস্থাপক আবু আলম বলেন, এ ঘাটটি শুরু থেকে লাভজনক হলেও ফেরির সংকট রয়েছে। এ ঘাটে একটি নতুন ফেরি দেওয়া কথা থাকলেও এখনো দেওয়া হয়নি।
আবুল কালাম আরও বলেন, ফেরি-সংকট ছাড়া ডুবোচরের কারণে ভাটার সময় ফেরি চলাচলে সমস্যা হচ্ছে। এসব সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু কোনো ফল হচ্ছে না।
চরফ্যাশন উপজেলার আবদুল্যাপুর, আসলামপুর, দক্ষিণ শিবা ও সদর উপজেলার কয়েকজন কৃষক বলেন, চলতি বছর তরমুজ, আলু, চিচিঙ্গা, করল্লা, শসাসহ রবিশস্যের ভালো ফলন হয়েছে। ভোলার অধিকাংশ রবিশস্য, বিশেষ করে তরমুজ জেলার বাইরে যায়। বরিশাল-ঢাকায় মালামাল নিয়ে যেতে ফেরি প্রধান মাধ্যম।
ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রামেন্দ্র চন্দ্র বাড়ৈ বলেন, এবার ভোলায় চার হাজার হেক্টরে সবজি, ৬ হাজার ৩২০ হেক্টরে আলু এবং ১৪ হাজার হেক্টরে তরমুজের আবাদ হয়েছে। তবে গত কয়েক বছর ধরে ফেরি-সংকটের কারণে যথাসময়ে তরমুজ ও সবজি সরবরাহ করা সম্ভব হয় না। এতে কৃষকেরা ভালো দাম থেকে বঞ্চিত হন।
চট্টগ্রামের হালিশহর থেকে আসা ব্যাপারী আবুল কাশেম বলেন, তিনি চরফ্যাশনের হাজিরহাট থেকে আড়াই লাখ টাকার তরমুজ কিনেছেন। এগুলো চট্টগ্রাম সদরে যাবে। এ জন্য তিনি ৪০ হাজার টাকায় ট্রাক ভাড়া করেছেন। গত শনিবার থেকে ইলিশা ফেরিঘাটে ট্রাকটি আটকা রয়েছে।
তরমুজবাহী ট্রাকের চালক বরিশালের নুরনবী বলেন, এক দিন ঘাটে থাকতে ৮০০-৯০০ টাকা বাড়তি খরচ হচ্ছে। ২১ জেলার যানবাহন এ পথে চলাচল করে। বারবার ফেরি বিকল হওয়ায় সমস্যা হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ইলিশা ঘাটের সহকারী ব্যবস্থাপক শিহাবউদ্দিন বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ১৪ মার্চ থেকে কিষানি নামের ফেরিটি বিকল হয়ে আছে। সংস্কারকাজ চলছে। কবে নাগাদ সংস্কার হবে, তা-ও বলা যাচ্ছে না। যেখানে কমপক্ষে চারটি ফেরি দরকার, সেখানে একটি ফেরি তিন ঘণ্টার নৌপথ পাড়ি দিয়ে এত গাড়ি পার করতে পারছে না।
ভোলা জেলা প্রশাসক মো. সেলিম রেজা বলেন, ভোলা-লক্ষ্মীপুর নৌপথে ফেরি-সংকট দূর করার জন্য বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলা হবে।
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার বলেন, নতুন ফেরি তৈরি হয়ে গেছে। ভোলা-লক্ষ্মীপুর নৌপথে নতুন ফেরি সংযোগ করে সমস্যা দূর করা হবে।