ফেল করা শিক্ষার্থীদের সন্ত্রাসীদের চাপে পাস করানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের একটি বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় সন্ত্রাসীদের চাপে পড়ে মাধ্যমিক শ্রেণীর নির্বাচনী পরীক্ষায় ফেল করা ৭৭ জন শিক্ষার্থীকে উত্তীর্ণ ঘোষণা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, গত রোববার রাতে নগরের হালিশহরে অবস্থিত গরিবে নেওয়াজ উচ্চবিদ্যালয়ে ফেল করা ৭৭ জন শিক্ষার্থীর পুনঃপরীক্ষা গ্রহণ করা হয় এবং ওই রাতেই তাদের উত্তীর্ণ ঘোষণা করে ফরম পূরণের ব্যবস্থা করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয় ছাত্রলীগের কর্মী জনি (হাড্ডি জনি) ও মাসুমের নেতৃত্বে একদল সন্ত্রাসী মোটরসাইকেলে করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এ কে এম জাকারিয়াকে তাঁর হালিশহর এলাকার বাসা থেকে তুলে আনে। পরে অভিভাবক-প্রতিনিধি তারিকুল আমিন প্রকাশ তানসেনকে হালিশহর আই ব্লক এলাকার তাঁর দোকান থেকে বিদ্যালয়ে নিয়ে আসা হয়। এরপর অপর অভিভাবক-সদস্য আবদুল জব্বার ও নুরুল ইসলামকে ফোনে খবর দিয়ে আনা হয়। এরপর অস্ত্রের মুখে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনে সই আদায় করা হয়। একই রাতে তারা চাপ দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে আবেদন পূরণ করিয়ে নিতে বাধ্য করে।অভিভাবক-প্রতিনিধি তারিকুল আমিন ঘটনা স্বীকার করে বলেন, ‘আমাকে আমার দোকান থেকে ১৫-২০ জনের একটি দল জোর করে স্কুলে নিয়ে আসে। এদের মধ্যে ফেল করা শিক্ষার্থী, তাদের অভিভাবকও ছিলেন।’ তিনি জানান, বিদ্যালয়ে আসার পর প্রথমে মাসুম নামে এক তরুণ তাঁকে আবেদনপত্রে সই করার জন্য মারধর করে। এরপর অস্ত্র ঠেকিয়ে সই আদায় করে।গতকাল সোমবার রাতে জনির মুঠোফোনে যোগাযোগ করা হলে বারবার অপর প্রান্ত থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।বিদ্যালয় সূত্রে জানা যায়, ১ নভেম্বর নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ৭৭ জন পরীক্ষার্থী ফেল করে। তারা দু-একটি বিষয় ছাড়া প্রায় সব কটি বিষয়ে ফেল করে। কিন্তু ফল প্রকাশের পর থেকে এসব শিক্ষার্থী ও তাদের অভিভাবক প্রধান শিক্ষককে নানাভাবে অনুরোধ ও চাপ দিতে থাকেন। কিন্তু বিদ্যালয়ের ৪১ শিক্ষকের সম্মতি ছাড়া এ ব্যাপারে তিনি কোনো সিদ্ধান্ত দিতে অপারগতা জানান। এতে ক্ষিপ্ত হয়ে তাঁদের পক্ষের লোকজন কয়েক দিন আগে প্রধান শিক্ষককেও লাঞ্ছিত করেন বলে অভিযোগ পাওয়া যায়। এসব বিষয়ে জানতে প্রধান শিক্ষক এ কে এম জাকারিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ঘটনা সম্পর্কে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’