ফেল করা শিক্ষার্থীদের হামলা, আটজন আহত
চট্টগ্রামের মিরসরাইয়ের নিজামপুর কলেজে এইচএসসির ফরম পূরণ করতে না পেরে নির্বাচনী পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের হামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটজন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রফিকউদ্দিন জানান, ২০১০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরম পূরণের শেষ দিন ছিল গত মঙ্গলবার। ৭০ জন শিক্ষার্থী তিনটির বেশি বিষয়ে ফেল করায় তাদের ফরম পূরণের সুযোগ দেওয়া হয়নি। মঙ্গলবার সারা দিন চেষ্টা-তদবির করে ফরম পূরণে ব্যর্থ হয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী একত্র হয়ে ক্যাম্পাসের মূল প্রবেশপথে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তারা কলেজের বিভিন্ন কক্ষের আসবাবপত্র ভাঙচুর করে ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। পরে শিক্ষকেরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কাচের আঘাতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কীর্ত্তিভূষণ ভৌমিকসহ আটজন শিক্ষক আহত হন।খবর পেয়ে মিরসরাই থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরদিন সকালে ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রিফাজউদ্দিনকে গ্রেপ্তার করে। মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) অংসা থোয়াই জানান, শিক্ষার্থীদের দাবি—শিক্ষকেরা দুজনকে অবৈধভাবে ফরম পূরণের সুযোগ দেওয়ায় তারা এমন ঘটনা ঘটিয়েছে।ভারপ্রাপ্ত অধ্যক্ষ কীর্ত্তিভূষণ ভৌমিক জানান, ফেল করা শিক্ষার্থীদের ফরম পূরণ করতে না দেওয়ায় তারা কলেজে এ হামলার ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মিরসরাই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সাংসদ মোশাররফ হোসেন জানান, অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসার জন্য কলেজ কর্তৃপক্ষকে পরামর্শ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।