ফেল করে ভাঙচুর করায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের আহ্বায়ক মিজানুর রহমান পরীক্ষায় ফেল করে ক্যাম্পাসে ভাঙচুর করায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় আজ মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগ বহিষ্কারের এ সিদ্ধান্ত জানায়।

কেন্দ্রীয় ছাত্রলীগের পাঠাগার সম্পাদক ও পাবনা এলাকার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত দেলোয়ার রহমান মোবাইল ফোনে প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মিজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র। তিনি চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। গতকাল সোমবার পরীক্ষার ফল প্রকাশিত হয়। ফেল করায় তিনি উত্তেজিত হয়ে ব্যবসায় প্রশাসন অনুষদে ভাঙচুর চালান। পরে বিষয়টি জানাজানি হলে কেন্দ্রীয় ছাত্রলীগ তাঁকে বহিষ্কার করে।