ফেলনা থেকে রপ্তানিযোগ্য কাঁকড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী​র কলাপাড়া উপজেলার মনোহরপুর গ্রামে কাঁকড়ার চাষ করা হচ্ছে। দুর্বল ও ছোট ছোট কাঁকড়াকে ঘেরের মধ্যে বড় করে রপ্তানি করা হয়। গ্রামের হরিদাসের ঘের থেকে তোলা ছবি l প্রথম আলো
পটুয়াখালী​র কলাপাড়া উপজেলার মনোহরপুর গ্রামে কাঁকড়ার চাষ করা হচ্ছে। দুর্বল ও ছোট ছোট কাঁকড়াকে ঘেরের মধ্যে বড় করে রপ্তানি করা হয়। গ্রামের হরিদাসের ঘের থেকে তোলা ছবি l প্রথম আলো

দুর্বল ও ছোট যেসব কাঁকড়া একসময় ফেলে দেওয়া হতো, সেসব কাঁকড়া এখন খামারে মোটাতাজা করে রপ্তানির উপযোগী করছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মনোহরপুর গ্রামের হরিদাস। এখন তাঁর দেখাদেখি গ্রামের আরও নয়জন নিজেদের পুকুরে কাঁকড়া চাষ শুরু করেছেন। এই গ্রাম থেকে প্রতি চক্রে (দেড় থেকে দুই মাস) অন্তত দুই হাজার কেজি কাঁকড়া রপ্তানি করা হচ্ছে।

৯ ডিসেম্বর সরেজমিনে দেখা গেছে, পুরান মহিপুর ফেরিঘাট থেকে সোজা পূর্ব দিকে মনোহরপুর গ্রামের বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধের কূল ঘেঁষে ছোট-বড় ২০টি পুকুর। পুকুরের চারপাশ বাঁশের চাটাই ও মশারির জাল দিয়ে ঘেরা। বড় পুকুরগুলোর মাঝ বরাবর বাঁশের চাটাই ও মশারির জাল দিয়ে দুই ভাগে ভাগ করা হয়েছে। পুকুরে সাঁতরে এক যুবক কী যেন ছিটাচ্ছেন। কাছে যেতেই এগিয়ে এসে গৌতম পাইন নামের ওই যুবক জানান, এটি কাঁকড়ার ঘের। কাঁকড়ার খাদ্য হিসেবে তিনি ছোট মাছ পুকুরে ছিটিয়ে দিচ্ছেন। এখানে দুর্বল ও ছোট কাঁকড়া পরিচর্যার মাধ্যমে মোটাতাজা করা হয়। এই ঘেরের মালিক হরিদাস।

হরিদাস জানান, সাত-আট বছর আগে তিনি গলদা, বাগদা চিংড়িসহ সাদা মাছের আড়তদারি করতেন। মাছের আমদানি কমে যাওয়ায় বছর চারেক আগে কাঁকড়ার ব্যবসা শুরু করেন। জেলেদের কাছ থেকে কাঁকড়া কিনে খুলনা, বাগেরহাট ও ঢাকায় বিক্রি করতেন। শিকারিদের বড়শিতে, জেলেদের জালে ও চাইয়ে ধরা পড়া কাঁকড়াগুলো আড়তে আনতে আনতেই দুর্বল হয়ে পড়ত। মোকামে পাঠানোর আগে অর্ধেকই মারা যেত। এ ছাড়া এসব কাঁকড়ার মাত্র ২০ ভাগ ছিল রপ্তানি উপযোগী। বাকি কাঁকড়া স্থানীয় বাজারে খুবই কম মূল্যে বিক্রি করতে হতো। এই ৮০ ভাগ কাঁকড়া কীভাবে রপ্তানি উপযোগী করা যায়, সেই ভাবনা থেকেই দেড় বছর আগে থেকে তিনি সিল কাঁকড়ার চাষ শুরু করেন।

হরিদাস বলেন, কাঁকড়া চাষের জন্য খুব বেশি খাটনি লাগে না। শুধু ঠিকমতো খাবার দিলেই হয়। বর্তমানে তাঁর ছোট-বড় ১০টি পুকুরে প্রায় পাঁচ হাজার কাঁকড়া রয়েছে। শিকারি ও জেলেরা তাঁর আড়তে কাঁকড়া বিক্রি করতে আসেন। যেসব কাঁকড়া রপ্তানির উপযোগী নয়, সেগুলোও কম দামে কিনে পুকুরে রাখা হয়। দেড় মাস পুকুরে খাবার দিয়ে পরিচর্যার মাধ্যমে সেগুলো রপ্তানির উপযোগী ৭০০ থেকে ৮০০ গ্রাম পর্যন্ত হয়।

নিজের ঘেরে কাঁকড়া হাতে  হরিদাস l প্রথম আলো
নিজের ঘেরে কাঁকড়া হাতে হরিদাস l প্রথম আলো

হরিদাসের সাফল্য দেখে গ্রামের আরও নয়জন কাঁকড়া চাষ শুরু করছেন। তাঁরা হলেন রথীন চন্দ্র হাওলাদার, অমিত সরকার, সুব্রত সরকার, পলাশ সরকার, অনিল মিস্ত্রি, সুনীল মিস্ত্রি, ফটিক মিস্ত্রি, প্রফুল্ল মিস্ত্রি ও সুনীল চন্দ্র মিস্ত্রি। রথীন হাওলাদার জানান, একসময়ে তিনি সাগর ও নদীতে মাছ ধরে সংসার চালাতেন। এরপর কাঁকড়া ধরা শুরু করেন। কিন্তু অধিকাংশ কাঁকড়া রপ্তানির উপযোগী না হওয়ায় তেমন দাম পেতেন না। হরিদাসকে কাঁকড়া চাষ করতে দেখে বাঁধের পাশে নিজের ঘর-সংলগ্ন পুকুরে রপ্তানিযোগ্য কাঁকড়া চাষ শুরু করেন। তাঁর পুকুরে এখন প্রায় ৫০০ কাঁকড়া রয়েছে বলে জানান তিনি।

পটুয়াখালী সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক পিয়ুষ কান্তি হরি বলেন, কাঁকড়া চাষ করার জন্য অতিরিক্ত কোনো ব্যয় হয় না। স্ত্রী কাঁকড়া জীবনে একবার প্রজননের সুযোগ পায়। বর্ষা মৌসুমে মা কাঁকড়া ৪০ থেকে ৫০ হাজার ডিম ছাড়ে। ডিম ফোটার উপযুক্ত হলে সাগরের পানিতে নিজে নিজে ডিম থেকে বাচ্চা ফোটে এবং সদ্যোজাত কাঁকড়া মা কাঁকড়ার দেহ খেয়ে বৃদ্ধি পায়। আর মা কাঁকড়া মারা যায়। তিনি জানান, কাঁকড়া খাদ্য হিসেবে বেশ উপাদেয় ও পুষ্টিকর। জাপান, চীন, হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ভারতে কাঁকড়ার ব্যাপক চাহিদা রয়েছে।

এসব কাঁকড়ার আড়তদার কলাপাড়া উপজেলার দিদারুল আহমেদ জানান, সরকারের উচিত এখানে কাঁকড়া আহরণ ও প্রক্রিয়াজাতকরণের আধুনিক প্রযুক্তির ব্যবস্থা করা। তাহলে এই উপকূলীয় এলাকার কাঁকড়া রপ্তানি করেই বছরে কয়েক কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

জেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা এস এম আজাহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় উপকূলীয় এলাকায় কাঁকড়া চাষের জন্য একটি প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের আওতায় খাঁচায় কাঁকড়া মোটাতাজাকরণ প্রদর্শনীর আয়োজন করা হবে। ২০১৫-২০১৬ অর্থবছরেই জেলার কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলায় এই প্রদর্শনী হবে বলে জানান তিনি।