ফেলানী হত্যা মামলা পুনর্মূল্যায়নের দাবি বিজিবির
ফেলানী হত্যা মামলা পুনর্মূল্যায়নের জন্য ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে দাবি জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এই দাবি জানিয়েছে বিজিবি।
কুড়িগ্রাম ৪৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ জানান, আলোচনায় দুই পক্ষ সীমান্তে শান্তি বজায় রাখার অঙ্গীকার করে। বিএসএফ লিখিতভাবে ফেলানী হত্যা মামলা পুনর্মূল্যায়নের বিষয়টি জানাবে বলে বৈঠকে জানানো হয়।
বৈঠকে কুড়িগ্রাম সীমান্তে ফেলানীসহ গুলি করে মানুষ হত্যা, মাদক, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, দেড় শ গজের মধ্যে সড়ক নির্মাণ, কাঁটাতারের বেড়া এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ নানা ইস্যুতে আলোচনা হয়। উপজেলার বিদ্যাবাগিশ সীমান্তের আন্তর্জাতিক পিলার নম্বর ৯৩৫-এর সাবপিলার ৫-এর কাছে ভারতের ভোনাতপুর প্রাথমিক বিদ্যালয় হলরুমে চার ঘণ্টা ধরে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি জানায়, বৈঠকে বাংলাদেশের পক্ষে কুড়িগ্রাম ৪৫ বিজিবির অধিনায়ক ও ভারতের পক্ষে কোচবিহার সেক্টরের চারটি ব্যাটালিয়ানের অধিনায়কেরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে বৈঠকে ছিলেন কুড়িগ্রাম ৪৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল ও ভারতের পক্ষে কোচবিহার সেক্টরের ১২৪ বিএসএফ ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক ডিবি শরমা, ১৮১ ব্যাটালিয়নের অধিনায়ক পি বাদলা, ৭ ব্যাটালিয়নের অধিনায়ক জে কে বীরদি ও ১০১ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক সুব্রত রায়।