ফেলানী হত্যা-সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুনের পক্ষে ভারতের সুপ্রিম কোর্টে দায়ের করা একটি জনস্বার্থ মামলার শুনানি পিছিয়ে গেছে। গতকাল সোমবার ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি এইচ এল দাত্তু  ও বিচারপতি মদন বি লকুরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল।

দিল্লির একটি সূত্রে জানা যায়, গতকাল শুনানি না হয়ে মামলার তারিখ পিছিয়ে দেওয়া হয়।

ফেলানীকে ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যা করার অভিযোগ আছে বিএসএফ কনস্টেবল অমিয় ঘোষের বিরুদ্ধে। এই হত্যার বিরুদ্ধে মামলা হলে বিএসএফের বিশেষ আদালত বিচারে কনস্টেবল অমিয় ঘোষকে খালাস দেন। এরই বিরুদ্ধে ফেলানীর বাবা নুর ইসলামের পক্ষে  সুপ্রিম কোর্টে জনস্বার্থে একটি মামলা দায়ের করা হয়। মামলায় ফেলানী হত্যার ন্যায়বিচার চাওয়া হয়। একই সঙ্গে পর্যাপ্ত ক্ষতিপূরণও চাওয়া হয়।

চরম গোপনীয়তা ও কড়া নিরাপত্তার মধ্যে গত ১৩ আগস্ট থেকে কোচবিহারে শুরু হয় ফেলানী হত্যার বিচার। কোচবিহার শহর থেকে ১০ কিলোমিটার দূরে সোনারীতে বিএসএফের ১৮১ ব্যাটালিয়নের সদর দপ্তরে বিশেষ আদালতে চলে এই বিচারকার্য। ফেলানীর বাবা নুর ইসলাম এবং মামা আবদুল হানিফের সাক্ষ্য গ্রহণ করা হয়। এ ছাড়া সাক্ষ্য নেওয়া হয় বিএসএফ কনস্টেবল অমিয় ঘোষ সহ হত্যাস্থলের আশপাশ এলাকার মানুষজনের সাক্ষ্য ।

১৫ বছর বয়সী ওই বাংলাদেশি কিশোরী ২০১১ সালের ৭ জানুয়ারি তাঁর বাবা নুর ইসলামের সঙ্গে দিল্লি­ থেকে বাড়ির উদ্দেশে ফিরছিল। তাঁদের কাছে কোনো বৈধ পাসপোর্ট না থাকায় তাঁরা দালালের মাধ্যমে সীমান্তের কাঁটাতারের বেড়া বাঁশের মই দিয়ে পার হওয়ার উদ্যোগ নেন সকাল ছয়টার দিকে। ফেলানীর বাবা কাঁটাতারের বেড়া পার হতে পারলেও আটকে পড়ে ফেলানী। ওই সময় টহলরত বিএসএফের সদস্য ফেলানীকে দেখে গুলি চালান। ফেলানী গুলি খেয়ে ঝুলে পড়ে তার গায়ে থাকা  সোয়েটারের সঙ্গে আটকে পড়ে।  পরে সে মারা গেলেও চার ঘণ্টা পর্যন্ত ওইভাবে তার দেহ ঝুলে থাকে।

ওই ঘটনার পর বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কড়া প্রতিবাদ ওঠে দেশ বিদেশের বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে। এরপরই বিএসএফ ফেলানী হত্যার একটি মামলা দায়ের করে। গঠন করে জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্ট। সেখানেই বিচার হয় ফেলানী খাতুন হত্যাকাণ্ডের।