ফেলানী বিষয়ে জোরালো পদক্ষেপ নেয়নি সরকার: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সীমান্তে ফেলানী হত্যার ঘটনায় সরকার জোরালো কোনো পদক্ষেপ নেয়নি।
আজ শনিবার এক আলোচনা সভায় ফখরুল এ অভিযোগ করেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বাধীনতা ও মাহমুদুর রহমান’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘ফেলানী হত্যার ঘটনায় অভিযুক্ত বিএসএফ সদস্যের বেকসুর খালাস হয়েছে। তাদের (ভারতের) জন্য এটাই স্বাভাবিক। কিন্তু দুঃখ হয়, আমার দেশের সরকার ফেলানীর বিষয়ে কোনো জোরালো পদক্ষেপ নেয়নি। এ সরকার সব সময় নতজানু, যার কারণে সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না।’
ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন হত্যা মামলার রায়ে অভিযুক্ত বিএসএস সদস্য অমিয় ঘোষকে গতকাল শুক্রবার নির্দোষ ঘোষণা করা হয়। ২০১১ সালের ৭ জানুয়ারি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় কিশোরী ফেলানী। গত ১৩ আগস্ট এই বিচারকাজ শুরু হয়।

দেশে ভয়ংকর রাজনৈতিক সংকট বিরাজ করছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, কয়েক সপ্তাহ সময় আছে। এর মধ্যে বোঝা যাবে সংকট উত্তরণে সরকার কী করছে, বিরোধী দল কী করছে। তিনি বলেন, ‘বিরোধী দল বিরোধী দলের কাজ করছে। মনে রাখতে হবে, বিএনপি উদারপন্থী গণতান্ত্রিক দল। সশস্ত্র বিপ্লবী কোনো দল নয়। বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনে বিশ্বাসী। অন্য কোনো অগণতান্ত্রিক প্রক্রিয়া বা হটকারিতায় বিএনপি বিশ্বাস করে না।’

বিএনপি আন্দোলনে আছে উল্লেখ করে ফখরুল বলেন, লড়াইকে একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বিএনপি কাজ করছে। তিনি এ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।

মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে পেশাজীবীদের স্বেচ্ছায় কারাবরণে যাওয়ারও পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

তিনি বলেন, এ সরকারের অধীনে গণমাধ্যমের স্বাধীনতা ও মাহমুদুর রহমানের মুক্তি সম্ভব নয়। কারণ, এ সরকার গণতন্ত্রেই বিশ্বাস করে না।

নিজেদের স্বার্থে সরকার সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায় অভিযোগ করে ফখরুল বলেন, তারা বুঝতে পেরেছে, স্বতন্ত্র প্রার্থীদের কাছেও আওয়ামী লীগ প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে।

সভায় অন্যদের মধ্যে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, সাংবাদিক নেতা সৈয়দ আবদাল আহমদ, রুহুল আমিন গাজী, ইলিয়াস খান, আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক আ ন হ আখতার হোসেন প্রমুখ বক্তব্য দেন।