ফেলানী হত্যার পুনর্বিচার কার্যক্রম আবার পেছাল

কিশোরী ফেলানী হত্যার পুনর্বিচার কার্যক্রম আবার পিছিয়ে গেছে। চার মাস মুলতবি থাকার পর গতকাল বুধবার সকালে ভারতের কোচবিহারে বিএসএফের সেক্টর সদর দপ্তরে স্থাপিত জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টে এই কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দেশটির সরকারি আইনজীবী অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারায় আদালতের কার্যক্রম স্থগিত করেন বিচারক।
এই মামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আইনজীবী এস এম আব্রাহাম লিংকন ফেলানী হত্যার বিচার পেছানোর কথা স্বীকার করে বলেন, শুধু আসামির অসুস্থতার কারণ দেখিয়ে এর আগে চার মাস আদালতের কার্যক্রম পেছানো হয়। এখন আবার আইনজীবী অসুস্থ। এটা দুঃখজনক। তবে আদালতের যুক্তিযুক্ত কারণ থাকলে ভিন্ন কথা।
এর আগে গত বছর ২০ নভেম্বর ভারতের কোচবিহারে বিএসএফ সেক্টর সদর দপ্তরে স্থাপিত জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টে ফেলানী হত্যার পুনর্বিচার কার্যক্রম এ বছর ২৪ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়। সে হিসাবে গতকাল বুধবার ছিল আদালত বসার নির্ধারিত দিন।