ফেলানী হত্যার রায় অনভিপ্রেত: মিজানুর রহমান

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন হত্যা মামলার রায় অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
আজ শনিবার রাজধানীর মুুক্তিযুদ্ধ জাদুঘরে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের মিজানুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, ‘আপিলসংক্রান্ত কর্মকাণ্ডে ভারতের মানবাধিকার কমিশন যেন নিজেদের সম্পৃক্ত করে, সে জন্য তাদের সঙ্গে যোগাযোগ করব। আমরা তাদের সাহায্য ও সহযোগিতা কামনা করব।’
মিজানুর রহমান বলেন, ‘ফেলানীর যে রায়টি হয়েছে, তা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। আমাদের ভেতর একটা ক্ষতের সৃষ্টি করেছে। কেননা, রায়টি সম্পূর্ণরূপে ন্যায়বিচারের পরিপন্থী। এর মাধ্যমে বিচারের নামে তামাশা করা হয়েছে। শুধু ফেলানীর আত্মার সঙ্গে নয়, তার পরিবারের সঙ্গে নয়, আমাদের বাংলাদেশের পুরো জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। আন্তর্জাতিক আইনের প্রতি চরম অশ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।’
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘ফেলানীর বিচারটি হয়েছিল ভারতীয় অভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমে। এখানে যদি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হয়, তাহলে ভারতীয় রাষ্ট্রকেই ব্যবস্থাটা গ্রহণ করতে হবে। সেখানে আমাদের বাইরে থেকে কিছু করার নেই।’ তিনি বলেন, ‘তবে এর পরও আমরা মনে করি, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারি পর্যায়ে এ বিষয়টি উত্থাপন করতে পারে। ভারতের কাছে এর গুরুত্বসহ আমরা কতটা মর্মাহত হয়েছি. এটি যে ন্যায়বিচার হয়নি, আমাদের মধ্যে ক্ষতের সৃষ্টি করেছে, এটি তুলে ধরতে পারে।’