ফেলানী হত্যার সুবিচার এক মাসের মধ্যেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পূর্বাঞ্চলীয় প্রধান বি ডি শর্মা বলেছেন, তাঁর বাহিনীর গুলিতে বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুনের মৃত্যু খুবই খারাপ কাজ হয়েছিল। বিএসএফের আদালত গুলি চালানোর জন্য অভিযুক্ত রক্ষীকে নির্দোষ বলে ঘোষণা করাটাও সুবিচার হয়নি। আগামী এক মাসের মধ্যে ওই ঘটনার পুনর্বিচার শেষ করে সুবিচার দেওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। খবর বিবিসি বাংলার।
গতকাল রাতে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বি ডি শর্মা এসব কথা বলেন।
২০১১ সালে বাবার সঙ্গে বাংলাদেশে নিজের বাড়িতে ফেরার সময় সীমান্তে কাঁটাতারের বেড়া পেরোতে গিয়ে বিএসএফের সদস্য অমিয় ঘোষের গুলিতে নিহত হয় কিশোরী ফেলানী খাতুন। এর প্রায় সাড়ে তিন বছর পর বিএসএফের কোনো শীর্ষ কর্মকর্তা একে খুবই ‘খারাপ কাজ’ বললেন।
ফেলানীর মৃত্যুর দীর্ঘদিন পর বিএসএফের আইন অনুযায়ী জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টে এর বিচার হয়। বিচারকের দায়িত্বে ছিলেন ওই বাহিনীরই উচ্চপদস্থ কর্মকর্তা। ফেলানীর বাবা ও অন্য আত্মীয়স্বজনের সাক্ষ্য নেওয়ার পর আদালত ঘোষণা করে যে, অভিযুক্ত অমিয় ঘোষের দোষ প্রমাণিত হয়নি।