ফেলানী হত্যার সুষ্ঠু বিচারে দূতাবাসকে সচেষ্ট থাকার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আদালতে ফেলানী হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সে দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে সচেষ্ট থাকার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই পরামর্শ দেওয়া হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি নিলুফার জাফর উল্লাহ সাংবাদিকদের বলেন, ফেলানী হত্যার বিচার নিয়ে কমিটিতে অনির্ধারিত আলোচনা হয়েছে। বিচার যাতে সুষ্ঠু হয় এবং এর অগ্রগতি সম্পর্কে দেশের মানুষ জানতে পারে, সেজন্য ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে তত্পর থাকতে বলা হয়েছে।

তবে সংসদীয় কমিটির বিরোধীদলীয় সদস্য এ এম মাহবুব উদ্দিন ফেলানী হত্যার বিচারকাজ প্রত্যক্ষ করতে আদালতে বাংলাদেশ সরকারের প্রতিনিধি রাখার দাবি করেছেন বলে তিনি সাংবাদিকদের জানান। 

২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে আসার সময় বিএসএফের গুলিতে নিহত হয় কিশোরী ফেলানী। কাঁটাতারের বেড়ার ওপর তার ঝুলন্ত লাশের ছবি গণমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। যার পরিপ্রেক্ষিতে ১৩ আগস্ট এই হত্যাকাণ্ডের বিচার শুরু হয়।

নিলুফার জাফর উল্লাহর সভাপতিত্বে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক, ইমরান আহমদ, জাহিদ মালেক, এ এম মাহবুব উদ্দিন, হোসেন মকবুল শাহরিয়ার, নসরুল হামিদ ও নাজমা আক্তার বৈঠকে অংশ নেন।