ফেলানীর খুনিকে খালাসের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেলানী হত্যা মামলার একমাত্র আসামিকে বেকসুর খালাস দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় তাঁরা মুখে কালো কাপড় বেঁধে এর প্রতিবাদ জানান।
গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘আমরা ফেলানীর ভাইয়েরা’ নামের একটি সংগঠন এ মানববন্ধন করে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘১৪ বছরের কিশোরী ফেলানীকে হত্যার মাধ্যমে ভারত প্রতিবেশী দেশের মানুষের ওপর তাদের আগ্রাসী মনোভাব ফুটিয়ে তুলল। ১৪ বছরের কিশোরীকে হত্যার বিচার যদি হয় বেকসুর খালাস, তাহলে মানবতা আজ কোথায়?’
বিশ্ববিদ্যলয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক আতিয়ার রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ফলিত ও পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক জামাল উদ্দিন, আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষক ইব্রাহীম হোসাইন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক শাহ আলম প্রমুখ।