ফেলানীর ঘটনা দুই দেশের জন্য লজ্জাজনক: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ফেলানীর ঘটনা দুঃখজনক। দুই দেশের জন্য লজ্জাজনক।
আজ শনিবার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ফেলানীর ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের কাছে যথাবিহিত প্রতিকার চেয়েছিলাম। আইন অনুযায়ী সীমান্তরক্ষীদের আদালতে তা উত্থাপন করা হয়েছিল। আদালত প্রাথমিক পর্যায়ে যে সিদ্ধান্ত দিয়েছে, তাতে ফেলানীর ব্যাপারে আমরা যে সুবিচার আশা করেছিলাম, সেটা পাওয়া যায়নি।’
মন্ত্রী বলেন, ফেলানী হত্যা মামলাসংক্রান্ত বিস্তারিত বিবরণ এখনো পাওয়া যায়নি। বিস্তারিত বিবরণ পেলে সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হবে।
এরপর তিনি নাগেশ্বরী পৌর মিলনায়তনে এক সুধী সমাবেশে ভাষণ দেয়ার সময় বলেন, কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরকে ইমিগ্রেশন চেকপোস্টসহ পূর্ণাঙ্গ বন্দর হিসেবে গড়ে তোলা হবে।