ফেলানীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানীর পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে ভারতের কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করেছে দেশটির জাতীয় মানবাধিকার কমিশন। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে ক্ষতিপূরণের এই অর্থ দিতে বলা হয়েছে।

বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের কর্মকর্তা জাহিদ হোসেনের বরাত দিয়ে ফেলানী হত্যা মামলার আইনজীবী ও কুড়িগ্রামের সরকারি কৌঁসুলি (পিপি) এস এম আব্রাহাম লিংকন প্রথম আলোকে বলেন, ভারতের জাতীয় মানবাধিকার কমিশন সর্বসম্মতভাবে ফেলানীর পরিবারকে পাঁচ লাখ রুপি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের মাধ্যমে দিতে দেশটির কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করেছে।

ফেলানীর বাবা নুরুল ইসলাম নুরু বলেন, টাকা দিয়ে মেয়েকে ফিরে পাব না। কাজেই আগে মেয়ে হত্যার বিচার চাই। খুনি অমিয় ঘোষের মৃত্যুদণ্ড চাই। হত্যার বিচার টাকা দিয়ে হয় না। আমি ক্ষতিপূরণের দাবি করেছি, তবে আগে ফেলানী হত্যার বিচার হতে হবে। বাবা হিসেবে মেয়ে হত্যার বিচার দেখে যেতে চাই। এর চেয়ে বড় চাওয়া নেই।

ফেলানী হত্যাকাণ্ডের বিষয়য়ে দেশ-বিদেশের গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হওয়ায় ভারতের জাতীয় মানবাধিকার কমিশন স্বপ্রণোদিত হয়ে কেন্দ্রীয় সরকারকে ছয় সপ্তাহের মধ্যে এ অর্থ পরিশোধ করার কথা বলেছে বলে জানিয়েছেন আব্রাহাম লিংকন। তিনি বলেন, ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করার মধ্যদিয়ে অপরাধীর দায় স্বীকার করা হলো। ফলে আসামি অমিয় ঘোষের নতুন করে বিচারের দ্বার উন্মোচিত হলো।

গত ৮ জুলাই বাংলাদেশের আইন ও সালিস কেন্দ্রের মাধ্যমে ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চের নির্বাহী পরিচালক কিরীটী রায়ের কাছে একটি আবেদন করেন ফেলানীর বাবা নুরুল ইসলাম। তিনি ভারতের উচ্চ আদালতে ফেলানী হত্যায় ন্যায়বিচার চান। মামলাটি আমলে নিয়ে আগামী ৬ অক্টোবর শুনানির দিন ধার্য করেছে ভারতের সুপ্রিম কোর্ট।

কিরীটী রায় প্রথম আলোকে বলেন, ভারতের মানবাধিকার কমিশন ক্ষতিপূরণ দেওয়ার যে সুপারিশ করেছে তা সন্তোষজনক। পাশাপাশি এটি দুঃখজনকও বটে। কেননা, এই সুপারিশে ফেলানী হত্যা নিয়ে কোনো কথা বলা হয়নি।

২০১১ সালে ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় কিশোরী ফেলানী। এ ঘটনার পর বিএসএফের বিশেষ আদালতে অমিয় ঘোষকে অভিযুক্ত করে একটি অভিযোগ গঠন করা হয়। ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর অভিযুক্ত অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করে রায় দেন ওই আদালত। সেই রায় যথার্থ মনে না করায় বিএসএফের মহাপরিচালক রায় পুনর্বিবেচনার আদেশ দেন। দ্বিতীয় দফায় চলতি বছরের ২ জুলাই রায় পুনর্বিবেচনায় অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করা হয়।