ফেলানীর পরিবারকে সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত ফেলানীর পরিবারের সহায়তায় এগিয়ে এসেছে কুড়িগ্রামের জেলা প্রশাসন ও বিজিবি ২৭ ব্যাটালিয়ন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ফেলানীর পরিবারকে একখণ্ড জমি দেওয়া হয়। আর সেই জমিতে একটি দোকানঘর তৈরি করে দিয়েছে বিজিবি।জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান ও ২৭ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল আবদুর রাজ্জাক তরফদার গতকাল বুধবার নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ বাজারে নির্মিত ওই দোকানঘরের চাবি ও মালিকানার কাগজপত্র ফেলানীর বাবা নূরুল ইসলামের হাতে তুলে দেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা প্রশাসনের দেওয়া জমিতে ‘ফেলানী স্টোর’ নামে একটি দোকানঘর তৈরি করে দেয় ২৭ বিজিবি ব্যাটালিয়ন। দোকানটি নির্মাণে ৬০ হাজার টাকা ব্যয় হয়েছে।নূরুল ইসলাম বলেন, ওই দোকানে মনিহারী সামগ্রী বিক্রি করা হবে।উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ভারত থেকে বাবার সঙ্গে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের সদস্যরা ফেলানীকে গুলি করে হত্যা করেন।