ফেলানীর বাবা ভারতের আদালতে সাক্ষ্য দেবেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেলানী হত্যার বিচার
ফেলানী হত্যার বিচার

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যা মামলায় আজ সোমবার সাক্ষ্য দেবেন তার বাবা নূর ইসলাম ও মামা আবদুল হানিফ। এ জন্য গতকাল রোববার বিকেলে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে তাঁরা ভারতের কোচবিহার গেছেন। তাঁদের সঙ্গে ছিলেন ৪৫ কুড়িগ্রাম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক ও কুড়িগ্রামের আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্রাহাম লিংকন।কোচবিহার যাওয়ার সময় নূর ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার চোখের সামনে বিএসএফ আমার মেয়েকে (ফেলানী) পাখির মতো গুলি করে হত্যা করে। আমি এখনো সেটা ভুলতে পারি না। হত্যাকারীদের যেন সর্বোচ্চ শাস্তি হয়, সেটাই ভারতের বিচারকের কাছে আবেদন জানাব।’ এ সময় ফেলানীর মামা আবদুল হানিফও কান্নায় ভেঙে পড়েন।লে. কর্নেল জিয়াউল হক বলেন, ‘আমরা আশা করছি, সুষ্ঠু বিচারের মাধ্যমে ফেলানী হত্যার বিচার সম্পন্ন হবে।’ পিপি আব্রাহাম লিংকন বলেন, ‘আমরা সেখানে (কোচবিহার) গেলেই জানতে পারব, বিচার-প্রক্রিয়াটা ঠিক কীভাবে হচ্ছে। তা ছাড়া ফেলানীর বাবা ও মামা এই হত্যাকাণ্ডের প্রত্যক্ষ সাক্ষী। সাক্ষীদের আইনগত নির্দেশনা দেওয়াই হবে আমার কাজ।’ গতকাল বিকেল চারটার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্টে বাংলাদেশের দলটিকে স্বাগত জানান ভারতের ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের ডিভিশন কমান্ড্যান্ট (ডিসি) মুহিদ পণ্ডিত ও মেজর সুখবীর সিংহসহ বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কড়া নিরাপত্তায় সীমান্ত থেকে ফেলানীর বাবা-মামাসহ বিএসএফ তাঁদের কোচবিহারের সার্কিট হাউসে নিয়ে যায়। সার্কিট হাউসে বাংলাদেশের সাক্ষী এবং আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেয়নি বিএসএফ।

সার্কিট হাউসে যোগাযোগ করা হলে এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, বাংলাদেশি কারোর সঙ্গে কথা বলতে দিতে নিষেধ রয়েছে। এ ব্যাপারে বিএসএফের অতিরিক্ত মহাপরিচালক বি ডি শর্মার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিএসএফ কোনো বিচারকার্যের তথ্য দিয়ে থাকে না। তবে আগামীকাল (সোমবার) বিচারকার্যের গতি সম্পর্কে জানানো হবে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহারে ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের সদর দপ্তরে গঠিত আদালতে আজ সোমবার সাক্ষ্য দেবেন ফেলানীর বাবা ও মামা। তাঁদের সহযোগিতা করবেন পিপি আব্রাহম লিংকন।

২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার অনন্তপুর সীমান্তে ফেলানীকে গুলি করে হত্যা করে বিএসএফ। সীমান্তের কাঁটাতারের ওপর ঝুলে ছিল ফেলানীর লাশ। এ ঘটনা দেশ ও দেশের বাইরে ব্যাপক সমালোচনার ঝড় তোলে। দীর্ঘ আড়াই বছর পর ১৩ আগস্ট কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে কোচবিহারের সোনারীতে বিএসএফ ১৮১ সদর দপ্তরে ফেলানী হত্যার বিচারকাজ শুরু হয়।