ফেলানীর বাবা-মামার সাক্ষ্য শুরু

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোরী ফেলানী নিহত হওয়ার ঘটনায় করা মামলায় আজ সোমবার সাক্ষ্য দিচ্ছেন তাঁর বাবা নূর ইসলাম ও মামা আবদুল হানিফ।
আজ সকাল ১০টা থেকে ফেলানী হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহারে ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের সদর দপ্তরে গঠিত বিশেষ আদালতে এই সাক্ষ্য নেওয়া হচ্ছে। চলবে বেলা দুইটা পর্যন্ত। কাল মঙ্গলবারও সাক্ষ্য নেওয়া চলবে। বিএসএফের একজন কর্মকর্তা প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান।
এর আগে সার্কিট হাউস থেকে বিএসএফের কড়া পাহারায় ফেলানীর বাবা ও মামাসহ বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যদের বিশেষ আদালতে নেওয়া হয়। সাংবাদিকদের সঙ্গে তাঁদের কোনো কথা বলতে দেওয়া হয়নি।
সাক্ষ্য দেওয়ার জন্য গতকাল রোববার বিকেলে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ফেলানীর বাবা-মামা ভারতের কোচবিহার যান। তাঁদের সঙ্গে আছেন ৪৫ কুড়িগ্রাম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক ও কুড়িগ্রামের আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্রাহাম লিংকন।
কোচবিহার যাওয়ার সময় নূর ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার চোখের সামনে বিএসএফ আমার মেয়েকে (ফেলানী) পাখির মতো গুলি করে হত্যা করে। আমি এখনো সেটা ভুলতে পারি না। হত্যাকারীদের যেন সর্বোচ্চ শাস্তি হয়, সেটাই ভারতের বিচারকের কাছে আবেদন জানাব।’ এ সময় ফেলানীর মামা আবদুল হানিফও কান্নায় ভেঙে পড়েন।
লে. কর্নেল জিয়াউল হক বলেন, ‘আমরা আশা করছি, সুষ্ঠু বিচারের মাধ্যমে ফেলানী হত্যার বিচার সম্পন্ন হবে।’ পিপি আব্রাহাম লিংকন বলেন, ‘আমরা সেখানে (কোচবিহার) গেলেই জানতে পারব, বিচার-প্রক্রিয়াটা ঠিক কীভাবে হচ্ছে। তা ছাড়া ফেলানীর বাবা ও মামা এই হত্যাকাণ্ডের প্রত্যক্ষ সাক্ষী। সাক্ষীদের আইনগত নির্দেশনা দেওয়াই হবে আমার কাজ।’
গতকাল বিকেল চারটার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্টে বাংলাদেশের দলটিকে স্বাগত জানান ভারতের ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের ডিভিশন কমান্ড্যান্ট (ডিসি) মুহিদ পণ্ডিত ও মেজর সুখবীর সিংহসহ বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কড়া নিরাপত্তায় সীমান্ত থেকে ফেলানীর বাবা-মামাসহ বিএসএফ তাঁদের কোচবিহারের সার্কিট হাউসে নিয়ে যায়। সার্কিট হাউসে বাংলাদেশের সাক্ষী এবং আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেয়নি বিএসএফ।
২০১১ সালের ৭ জানুয়ারি ১৫ বছরের ফেলানী বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়। কাঁটাতারের ওপর দীর্ঘক্ষণ ঝুলে থাকা ফেলানীর মৃতদেহ নিয়ে সারা বিশ্বে হইচই পড়ে যায়। মানবাধিকার সংগঠনগুলো ওই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায়। এর পরিপ্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে প্রতিবাদ জানিয়ে ঘটনার বিচার দাবি করা হয়। এর পর বিএসএফ ফেলানী হত্যার ঘটনায় একটি মামলা করে। গঠন করে জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্ট।
দীর্ঘ আড়াই বছর পর ১৩ আগস্ট কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে কোচবিহারের সোনারীতে বিএসএফ ১৮১ সদর দপ্তরে ফেলানী হত্যার দায়ে অভিযুক্ত বিএসএফের সদস্য অমিয় ঘোষের বিচার শুরু হয়। যে আদালতে ফেলানী হত্যার বিচার চলছে, তা সেনা কোর্ট মার্শালের সমতুল্য জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্ট (জিএসএফসি)। প্রথম দিন বিচারকাজ পরিচালনার জন্য পাঁচজন বিচারককে নিয়োগ দেওয়া হয়। পরের দিন ১৪ আগস্ট থেকে শুনানি শুরু হয়। প্রথম দিনে অভিযুক্ত কনস্টেবল অমিয় ঘোষকে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনানো হয়। অমিয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারা (অনিচ্ছাকৃত খুন) এবং বিএসএফ আইনের ১৪৬ ধারায় অভিযোগ নেওয়া হয়েছে।