ফেলানীর মা-বাবার চোখে আশার আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল কুড়িগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ ও ভারতের সরকার, দুদেশের জনগণ ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে ফেলানী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তার মা-বাবা। ছবি: শফি খান, কুড়িগ্রাম
গতকাল কুড়িগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ ও ভারতের সরকার, দুদেশের জনগণ ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে ফেলানী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তার মা-বাবা। ছবি: শফি খান, কুড়িগ্রাম

ফেলানী হত্যা মামলা পুনর্বিচারের নির্দেশ দেওয়ায় ন্যায়বিচার পাওয়ার আশা প্রকাশ করেছেন তার মা-বাবা। ফেলানীর ওপর গুলিবর্ষণকারী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) সদস্য অমিয় ঘোষের উপযুক্ত শাস্তি হবে বলে আশা করছেন তাঁরা।
বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আজ শুক্রবার ফেলানী হত্যা মামলা পুনর্বিচারের নির্দেশ দেয়। এ খবর শোনার পরে ফেলানীর বাবা নুরুল ইসলাম মুঠোফোনে প্রথম আলো ডটকমকে জানান, তাঁর মেয়েকে বিএসএফের সদস্য অমিয় ঘোষ প্রকাশ্যে গুলি করে হত্যা করেছেন। দুই পারের হাজার হাজার মানুষ তা দেখেছে। তাঁরা (ফেলানীর বাবা, মা ও মামা) ভারতে গিয়ে বিশেষ আদালতে সাক্ষী দিয়েছেন। তিনি বলেন, ‘কীভাবে আমার মেয়েকে তাঁরা গুলি করে হত্যা করল? আমি আশা করব আমার মেয়ের হত্যাকারী বিএসএফ সদস্য অমিয় ঘোষের উপযুক্ত শাস্তি হোক।’ একই রকম আশা প্রকাশ করেন ফেলানীর মা জাহানারা বেগম। খবর শুনে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। মুঠোফোনে তিনি বলেন, ‘আমার বিবাহযোগ্য মেয়েকে যে হত্যা করেছে, আমি চাই তার ফাঁসি হোক।’ তিনি বিষয়টির প্রতি নজর রাখার জন্য বাংলাদেশ সরকার ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে অনুরোধ জানান।
ওই মামলায় রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি আব্রাহাম লিংকন বলেন, যে আদালতে আগের রায় হয়েছিল সেই আদালতেই আবার মামলা পুনর্বিচারের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি ন্যায়বিচার হবে বলে আশা প্রকাশ করেন।

সম্প্রতি ফেলানীকে হত্যার দায়ে অভিযুক্ত বিএসএফের কনস্টেবল অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করা হয়। ওই রায় ঘোষণার পর বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। কলকাতার একটি মানবাধিকার সংগঠন মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম) ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করার প্রস্তুতি নেয়।

১৪ বছরের বাংলাদেশি কিশোরী ফেলানী ২০১১ সালের ৭ জানুয়ারি বাবা নুরুল ইসলামের সঙ্গে দিল্লি­ থেকে বাড়ি ফিরছিল। তাঁদের কাছে কোনো বৈধ পাসপোর্ট না থাকায় তাঁরা দালাল মারফত বাংলাদেশ-ভারত সীমান্তের কাঁটাতারের বেড়ায় বাঁশের মই দিয়ে পার হওয়ার চেষ্টা করেন। বাবা কাঁটাতারের বেড়া পার হতে পারলেও আটকে পড়ে ফেলানী। ওই সময় টহলরত বিএসএফের কনস্টেবল অমিয় ঘোষ ফেলানীকে দেখে গুলি চালান। ফেলানী গুলি খেয়ে কাঁটাতারে ঝুলে ছিল। চার ঘণ্টা ঝুলে থাকার পর নামানো হয় ফেলানীর মরদেহ।