ফেলানীর মামলা পর্যালোচনায় সময় লাগবে
ফেলানী খাতুন হত্যা মামলার পর্যালোচনা এখনই শুরু করা সম্ভব হচ্ছে না। এতে আরও কিছুদিন সময় লাগবে। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অতিরিক্ত মহাপরিচালক বি ডি শর্মা গতকাল শুক্রবার এমনই ইঙ্গিত দিয়েছেন।
গতকাল বিএসএফের মহাপরিচালক সুভাষ যোশি তাঁর বাহিনীর বার্ষিক মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় এক প্রশ্নের জবাবে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক বি ডি শর্মা বলেন, ‘এটা ঠিক, ফেলানী হত্যা মামলা পুনর্বিবেচনার নির্দেশ আমরা দিয়েছি। কিন্তু এখনো তা শুরুই করা যায়নি।’ তিনি বলেন, ‘ফেলানী হত্যা মামলা পুনর্বিবেচনার সিদ্ধান্তের পর বেশ কয়েক মাস কেটে গেছে। এটি একটি জটিল পদ্ধতি। হুট করে শুরু ও শেষ করা যায় না। যাঁরা দায়িত্বে আছেন, তাঁরা সব দিক খতিয়ে দেখছেন।’
সময়সীমা সম্পর্কে শর্মা প্রথম আলোকে বলেন, ‘নির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া সম্ভব নয়। আমরা মামলাটি রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই আমরা তা শুরু করতে চাই।’
বিএসএফ সূত্রে জানা গেছে, ফেলানীর মৃত্যু তাদের জন্য এতটাই অস্বস্তিকর ও স্পর্শকাতর মামলা যে, অনেক দিক খতিয়ে দেখতে হচ্ছে। এটি পুনর্বিবেচনার সিদ্ধান্ত বাহিনীর মনোবলের ওপর কতটা বিরূপ প্রভাব ফেলতে পারে, সে বিষয়ে এখনো নিশ্চিত না হওয়ায় কাজ শুরু করতে দেরি হচ্ছে। এ ধরনের ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে অনেক কিছুই ভাবনায় রাখতে হয়।
বিএসএফের মহাপরিচালক সুভাষ যোশি স্বীকার করেন, বাংলাদেশে নির্বাচনের কারণে আগামী এক-দেড় মাস পূর্ব সীমান্ত পরিস্থিতি তাঁদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সীমান্ত নিশ্ছিদ্র করতে তাঁরা নানা ব্যবস্থা নিচ্ছেন। বর্তমান ৮০ হাজার জওয়ানের সঙ্গে আরও পাঁচ হাজার যুক্ত করা হচ্ছে। বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, অপরাধীরা যাতে সীমান্ত পেরিয়ে আসা-যাওয়া করতে না পারে, বিস্ফোরক ও অস্ত্রশস্ত্রের চালান যাতে বন্ধ হয়—এসব দিকে কড়া নজর দেওয়া হচ্ছে।
বিএসএফের দুই শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বিএসএফের সম্পর্ক স্বাধীনতার পর এমন আর কখনো দেখা যায়নি। দুই বাহিনীর আন্তরিকতা, সহযোগিতা, পারস্পরিক বিশ্বাস ও ভরসা, তথ্যের আদান-প্রদান এবং প্রয়োজনীয় টহলদারি সীমান্ত সমস্যার সমাধানে দারুণ ফল দিচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।