ফেলানীর রায়ের আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
সরকার ফেলানী হত্যা মামলার রায়ের বিরুদ্ধে আপিল করার আইনগত দিক খতিয়ে দেখছে। এ বিষয়ে আইনি ধাপগুলো সম্পর্কে জানাতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সংসদে তারানা হালিমের এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। এর আগে বিকেল সাড়ে চারটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
২০১১ সালে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশের কিশোরী ফেলানী নিহত হয়। গত ৬ সেপ্টেম্বর ফেলানী হত্যা মামলার রায়ে আদালত অভিযুক্ত বিএসএফের হাবিলদার অমিয় ঘোষকে ‘নির্দোষ’ বলে রায় দেন।
সরকারি দলের তারানা হালিমের এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফেলানী হত্যার বিচারের রায়ের বিষয়ে বাংলাদেশ সরকারের হতাশার কথা গত ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে। বিষয়টি এখনো বিচারাধীন এবং চূড়ান্ত রায়ের আগে মামলাটিকে আরও কয়েকটি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। মন্ত্রী আরও বলেন, ‘আমরা ভারতকে বলেছি, দায়ী বিএসএফ জোয়ানকে আইন অনুযায়ী যথাযথ শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের জঘন্য ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। যথাযথ ও আইনানুগ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার কথাও জানানো হয়েছে।’
সরকারি দলের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুঃখজনক হলেও সত্য যে অতীতের সরকারগুলোর সময়ে বিশেষ পরিস্থিতিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের জন্য ইস্যু করা এসব পাসপোর্ট বাতিল করার ক্ষেত্রে বর্তমান সরকার নীতিগতভাবে একমত। কিন্তু সার্বিক বিবেচনায় বিষয়টি জটিল। এ ক্ষেত্রে সৌদি সরকারের সহযোগিতা ও রাষ্ট্রীয় মতক্যৈর প্রয়োজন।